Posts

কবিতা

তুই ভালো থাকলে

May 6, 2026

জাকারিয়া সিজিয়াম

107
View

তুই ভালো থাকলে,
বৃহস্পতির মেঘগুলো সব মঙ্গলে পৌঁছে
পশ্চিম এসে সালাম ঠুকে দাড়ায় প্র্যাচে।

তুই ভালো থাকলে,
ফারাক্কার সব জল স্থির থামে সীমানায়
বঙ্গোপসাগর চুষে চাতক হিমাদ্রি হয়ে যায়।

তুই ভালো থাকলে,
কানধরে উঠ-বোস করে মন্ত্রীরা সিরিয়ালে
'তোমাকে চাই যেকোন মূল্যে' পোস্টার দেয়ালে।

তুই ভালো থাকলে,
মহানগরীর সব প্রেম জমাট বাঁধে আসমানে
হঠাৎ হঠাৎ টুপটাপ ঝরে মেঘ, বৃষ্টির আহবানে।

তুই ভালো থাকলে,
মৌলবাদীরও ক্যানভাসে আঁকা প্রিয় দেশপট
হাতে মাইকেল, নজরুল-জীবননান্দ-রবীন্দ্রনাথ।

তুই ভালো থাকলে,
শরতের বাতাসে বিবাগী মাঝির করুণ ভাটিয়ালি
সারা রোদ্দুর কিষাণী বউয়ের হারভাঙা গৃহস্থালি।

তুই ভালো থাকলে,
পাহাড়ে পাহাড়ে শান্তি-চুক্তি, জলপাই রঙ হাওয়া
পার্বত্যবুকে চেনারূপে থেগা-হরিনা-শুভলং বাওয়া।

তুই ভালো থাকলে,
সব ফুল হাসে, সব পাখি গায়, সব নদীবয় উৎসবে
আমার বুকে অচেনা স্পন্দন, চেনা সুখ সুখ অনুভবে।

তোর মুখ কালো হলে,
শত ছায়াপথ দোলে, চৌচির হয় ভুলক-গোলক স্বর্গ-মর্ত
মেয়ে তুই ভালো থাক শুভাশিস নিয়ে, ভালো থাক অনবর্ত।

১২.১০.২০১৭

Comments

    Please login to post comment. Login