Posts

নিউজ

ফিকশনে পুলিৎজার পেলেন ড্যানিয়েল ক্রাউস

May 6, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
14
View

চলতি বছর ফিকশন বিভাগে পুলিৎজার প্রাইজ জিতেছেন মার্কিন লেখক ড্যানিয়েল ক্রাউস। তিনি ‘অ্যাঞ্জেল ডাউন’ উপন্যাসের জন্য মর্যাদাবান এই পুরস্কার পান।  সোমবার (৪ মে) সাহিত্য, নাটক, ইতিহাস, স্মৃতিকথা, কবিতা ও সংগীত সহ বিভিন্ন বিভাবে ২০২৬ সালের পুলিৎজার প্রাইজ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।   

‘অ্যাঞ্জেল ডাউন’ উপন্যাসটি প্রথম বিশ্বযুদ্ধের এক সৈনিককে নিয়ে, যাকে আরও চারজনের সঙ্গে তার যন্ত্রণাকাতর সহযোদ্ধাকে অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইচ্ছামৃত্যু বাস্তবায়নের জন্য পাঠানো হয়। একটিমাত্র দীর্ঘ বাক্যে রচিত এই বইটিকে সমালোচকরা গতানুগতিক ধারার বাইরে যুদ্ধ কাহিনীর এক চিত্তাকর্ষক ও বিস্ময়কর উপস্থাপনা বলে উল্লেখ করেছেন।     

ইতিহাস বিভাগে জিল লেপোর পুলিৎজার প্রাইজ জিতেছেন। 'উই দ্য পিপল: আ হিস্ট্রি অব দ্য ইউ.এস. কনস্টিটিউশন' বইয়ের জন্য তিনি এই সম্মাননা পেয়েছেন। এই বইয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানের ইতিহাস বিশদভাবে আলোচিত হয়েছে।  

স্মৃতিকথা বা আত্মজীবনী বিভাগে বিজয়ী হয়েছেন ইয়ুন লি। তিনি তার কিশোর পুত্রদের আত্মহত্যার ঘটনা সামলানোর অভিজ্ঞতা নিয়ে লেখা ‘থিংস ইন নেচার মেরেলি গ্রো’ বইটির জন্য এই পুরস্কার পান।  

আমান্ডা ভেইল তার ‘প্রাইড অ্যান্ড প্লেজার: দ্য স্কাইলার সিস্টার্স ইন অ্যান এজ অব রেভল্যুশন’ বইটির জন্য জীবনী বিভাগে বিজয়ী হন। এছাড়া ননফিকশন বিভাগে ব্রায়ান গোল্ডস্টোন তার 'দেয়ার ইজ নো প্লেস ফর আস: ওয়ার্কিং অ্যান্ড হোমলেস ইন আমেরিকা’ বইয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন।

এদিকে কবিতা বিভাগে জুলিয়ানা স্পার তার কাব্যগ্রন্থ 'আর্স পোয়েটিকাস' এর জন্য পুলিৎজার প্রাইজ জিতেছেন। নাটক বিভাগে বেস উল তার নাটক 'লিবারেশন' এর জন্য পুরস্কার পেয়েছেন। এতে ১৯৭০ এর দশকের নারীবাদী আন্দোলন ও নারীর সংগ্রামের কথা উঠে এসেছে।

উল্লেখ্য, ১৯১৭ সাল থেকে পুলিৎজার প্রাইজ দেওয়া হচ্ছে। এই পুরস্কারটিকে সাংবাদিকতার নোবেল হিসেবে বিবেচনা করা হয়। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটক এর জন্য প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করা হয়। 

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login