২০২৬ সালের কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের আফ্রিকা, এশিয়া, কানাডা/ইউরোপ, ক্যারিবিয়ান এবং প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ মে) এই ঘোষণা দেওয়া হয়। এশিয়া অঞ্চলে ভারতীয় লেখক শ্যারন অরূপারায়িল তার ছোটগল্প ‘মেহেন্দি নাইটস’ এর জন্য বিজয়ী হয়েছেন।
ভারতের মুম্বাইয়ের বস্তি এলাকার এক কাল্পনিক প্রেক্ষাপটে রচিত অরূপারায়িলের গল্পটি ৭ হাজার ৮০৬টি জমা পড়া গল্প থেকে নির্বাচিত হয়েছে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২ হাজার ৫০০ পাউন্ড। এখন তিনি ৫ হাজার পাউন্ডের সামগ্রিক পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা ৩০ জুন ঘোষণা করা হবে।
‘মেহেন্দি নাইটস’ এমন এক কাল্পনিক জগৎকে তুলে ধরে, যেখানে সামাজিক বিধিনিষেধ নারীদের কণ্ঠরোধ করে এবং ভাষা হয়ে ওঠে এক নিষিদ্ধ বস্তু। গল্পটি আঁকাবাঁকা দাঁত ও মেহেদি রাঙা হাতের এক কিশোরীকে কেন্দ্র করে। সে আবিষ্কার করে যে, আকাঙ্ক্ষা সমাজের চাপিয়ে দেওয়া সমস্ত বাধা অতিক্রম করা এমন এক ভাষা, যা মুছে ফেলা যায় না।
২০২৬ সালের কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের আঞ্চলিক বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা নীচে দেওয়া হল:
১. এশিয়া: শ্যারন অরূপারায়িল - ‘মেহেন্দি নাইটস’ (ভারত)
২. আফ্রিকা: লিসা-অ্যান জুলিয়েন - ‘মি অ্যান্ড ম্যাম’ (দক্ষিণ আফ্রিকা)
৩. কানাডা/ইউরোপ: জন এডওয়ার্ড ডিমিকোলি - ‘দ্য ব্যাস্টিয়নস শ্যাডো’ (মাল্টা)
৪. ক্যারিবিয়ান: জামির নাজির - ‘দ্য সার্পেন্ট ইন দ্য গ্রোভ’ (ত্রিনিদাদ ও টোবাগো)
৫. প্যাসিফিক: হলি অ্যান মিলার - 'সেকেন্ড স্কিন' (নিউজিল্যান্ড)