Posts

নিউজ

সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িক স্থগিত

May 14, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
9
View

পাঠকদের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ১৩ মে প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম–দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই অবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।’   

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর গণমাধ্যমে বলেছেন, ‘পারিবারিকভাবে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনের পারিবারিক কোনো দ্বন্দ্ব–সংঘাত নেই।’   

সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেন ২০২২ সালের ১৯ জানুয়ারি মারা যান। এরপর তার দুই ছেলে কাজী শাহানূর হোসেন ও কাজী মাইমুর হোসেন সমান অংশীদার হিসেবে প্রকাশনা প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন। কাজী আনোয়ার হোসেন জীবদ্দশাতেই মাসুমা মাইমুরকে উপদেষ্টা করে গেছেন। 

মাসুমা মাইমুর জানিয়েছেন, তার স্বামী কাজী মাইমুর হোসেন অসুস্থ রয়েছেন। তার বড় ভাই কাজী শাহানূর হোসেনের সরলতার সুযোগে প্রতিষ্ঠানের একশ্রেণির কর্মকর্তা কর্মচারী তার অগোচরে অনিয়ম ও দুর্নীতি করছিলেন। ছয় মাস ধরে তিনি গোপন অনুসন্ধানের মাধ্যমে দেখতে পান, বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বই বিক্রির অর্থ জমা করা হচ্ছে না। কৌশলে সরিয়ে ফেলা হচ্ছে। 

তিনি আরও জানিয়েছেন, অনিয়মের কারণে সম্প্রতি নেওয়া বিভিন্ন প্রকল্পও ব্যর্থ হচ্ছিল। এ বিষয়গুলো জানার পরে পারিবারিকভাবে আলোচনা করে তারা সাময়িকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রেখে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রমনা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর সেবা প্রকাশনী নতুনভাবে কার্যক্রম শুরু করবে। 

Comments

    Please login to post comment. Login