Poetry

নিঃসঙ্গ জনসমুদ্র

May 20, 2026

Milu Aman Verified

143 views

কারো পক্ষে নেই আমি,
কোন দলের লোক না আমি।
অক্ষবিহীন কক্ষপথে বিচরণ,
পক্ষপাতের পক্ষাঘাতে আক্রান্ত
পরজীবী পঙ্গপাল নই কোনো।

আজ তুমি ত্রাণকর্তা সেজেছো,
পালা বদলের মুদ্রা উল্টে গেলে
কাল তুমিই হবে আবার ঘাতক।

নাম বদল, মুখ বদল
টাকশালের টাকা বদল,
বদলায় না শুধু দুর্ভাগা নিয়তি,
শোষণের একই চক্র।

অপলক হয়ে চেয়ে দেখি
নির্লজ্জ দলীয় নৈরাজ্য।
মাননীয় নেতৃবৃন্দের নেতৃত্বে 
ক্ষমতার ক্ষুধা মেটায় গোগ্রাসে,
চুনোপুঁটির চাঁদাবাজি রমরমা,
উন্নয়ন পড়ে থাকে পথে।

তোষামোদী চ্যানেল
আর অসংলগ্ন সংবাদপত্র;
নাটকের আড়াল থেকে
আর বের হয় না কোন সত্য।

আজ অর্ধশত বছর পরেও শুনি,
গণতন্ত্র পরীক্ষাধীন!
বছরের পর বছর এখনো চলছে,
ট্রায়াল এন্ড এরর।
নতুন করে নাকি আবার
দেশ গড়তে হবে।

অবিচারের আঁতুরঘরে দিশেহারা ধ্রুবতারা
আঁধারে হাতড়ে বেড়াই নরকের কিনারা।
তোমার মিছিলে হাঁটবো না,
করতালির ভিড়ে থাকবো না।

গভীর সমুদ্রের একাকী দ্বীপ হয়ে
পাহাড়চূড়ার নিস্তব্ধতা হয়ে থাকবো।
জনসমুদ্র থেকে বিচ্ছিন্ন,
দীপাবলির জ্বলন্ত দীপশিখা,
ঝড়ের রাতে জ্বলা একা প্রদীপ।
নিভে যাওয়ার উপক্রম;
তবু ফিরে ফিরে আসি...

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login