Posts

নিউজ

প্রথমবার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেল মান্দারিন ভাষায় লেখা উপন্যাস

May 22, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
30
View

তাইওয়ানের লেখক ইয়াং শুয়াং-জি এর লেখা ও লিন কিং অনূদিত 'তাইওয়ান ট্রাভেলগ' চলতি বছরের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছে। ফলে প্রথমবার চীনের মান্দারিন ভাষায় লেখা কোনো উপন্যাস মর্যাদাবান এই পুরস্কার পেল।  

১৯ মে লন্ডনের টেট মডার্নে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে পাওয়া ৫০ হাজার পাউন্ড (৬৭ হাজার ডলার) ইয়াং শুয়াং-জি এবং লিন কিং সমানভাবে ভাগ করে নেবেন।       

২০২৪ সালে এই উপন্যাসের ইংরেজি অনুবাদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। ১৯৩৮ সালে তাইওয়ান ভ্রমণের সময় একজন তরুণ জাপানি উপন্যাসিক এবং তাকে সহায়তাকারী দোভাষীর মধ্যকার সম্পর্ককে কেন্দ্র করে বইটি লেখা হয়েছে। এটি অনুবাদ বিভাগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতেছে। সমালোচকরা উপন্যাসটিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় সম্প্রসারণ নীতির ছায়ায় বন্ধুত্বের এক মর্মস্পর্শী বিবরণ বলে উল্লেখ করেছেন।     

বিচারক প্যানেলের প্রধান ও ব্রিটিশ উপন্যাসিক নাতাশা ব্রাউন বলেন, ‘তাইওয়ান ট্রাভেলগ’ এক অবিশ্বাস্য দ্বৈত কৃতিত্ব অর্জন করেছে। এটি একই সঙ্গে একটি প্রেমের গল্প এবং একটি উত্তর-উপনিবেশিক উপন্যাস হিসেবে সফল। বিচারক হিসেবে আমরা এই বইটির বহুস্তর নিয়ে সমৃদ্ধ আলোচনা উপভোগ করেছি। এটি একটি চিত্তাকর্ষক ও পরিশীলিত উপন্যাস।     

এদিকে পুরস্কারজয়ী লেখক ইয়াং শুয়াং-জি বলেন, 'তাইওয়ানের জনগণ একাধিক উপনিবেশিক শাসন সহ্য করেছে এবং আক্রমণের হুমকির সম্মুখীন হয়েছে। যখন আমাদের চেয়ে অনেক বড় ভূ-রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে হয়, তখন সাহিত্যের আর কী প্রয়োজন? কিন্তু আমি অন্তত সবসময় বিশ্বাস করেছি যে, সাহিত্যের শক্তি আছে। সাহিত্যকে ধীরগতির মনে হলেও, এটি অবিচল সংকল্প নিয়ে কাজ করে। এটি প্রায়শই নীরব থাকে, কিন্তু ধারণাগুলোকে বহুদূর পর্যন্ত ছড়িয়ে দিতে সক্ষম হয়।' 

উল্লেখ্য, অনুবাদকদের গুরুত্বপূর্ণ কাজকে সম্মানিত করার জন্য যে কয়েকটি পুরস্কার রয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ তার মধ্যে উল্লেখযোগ্য। এটি ২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বই এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। 

Comments

    Please login to post comment. Login