Poetry

মৃত নদীর দাগ

May 30, 2026

166 views

নিষঙ্গতা
........ স্বপন বিশ্বাস

রাত গভীর হলে জানালার পাশে
প্রতিচ্ছবিটা নড়ে ওঠে ধীরে—
মনে হয় বহুদিন মৃত কেউ
এসেছে অন্ধকারের ভিতর দিয়ে।

টেবিলজুড়ে ছড়িয়ে থাকা কাগজ;
শুকনো কালি—মৃত নদীর দাগ।
ছেঁড়া পাতার ভাঁজে আজও লেগে আছে
হারিয়ে যাওয়া বিকেলের গন্ধ।

কাঁপা হাতে একটি শব্দ ছুঁই;
ধুলো ঝরে পড়ে নিঃশব্দে।
মনে হয় বহু বছর আগে
এই রাতেই তাকে ডেকেছিলাম।

জানালার বাইরে ক্লান্ত চাঁদ
আকাশে ঝুলে থাকে একা;
দূরের গলি পেরিয়ে কারা যেন
ধীরে চলে যায় কুয়াশার ভিতর।

ঘুম আর আসে না চোখে।
নিঃসঙ্গতা বিছানায় বসে থাকে,
যেন ধূসর কোনো পাখি
ডানা গুটিয়ে অপেক্ষা করছে।

একদিন সমস্ত শব্দ নিভে যাবে;
সব কবিতা মিশে যাবে ধুলোয়।
শুধু অন্ধকার বেঁচে থাকবে—
শীতের ঘাসে জমে থাকা শিশিরের মতো।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Shafin pro 4 months ago

    ধন্যবাদ আরো বেশি বেশি লিখুন