Posts

কবিতা

নিশীথ জোয়ার

June 7, 2026

Md. Hasanur Rahman

Original Author নিজস্ব কবিতা

9
View

নিশীথ জোয়ার

            --------মোহাম্মদ হাসানুর রহমান

ভরা যৌবনা জোয়ার মাতলো মধ্য রাতের পর

সর্পিল ফণী ললন্তিকা গলে, নিশীথ জলতরঙ্গে ৷ 

জলধকুমারী এলো মহাকর্ষ আকর্ষণে

শত সহস্র ঊর্মিমালা সাথে, তর্জন-গর্জনে

চতুর্বিংশতিতম ঘণ্টা এবং বায়ান্ন মিনিট পরে, 

ভরাকটালে ৷

রুপোলী চাদরে মোড়া খোলতাই যৌবন

উদ্ধত গ্রীবা, রুদ্রমূর্তি, নীলাম্বরী অপরূপা 

ঢেউ খেলে অঙ্গে প্রত্যঙ্গে-৷

সায়রকন্যা জলকেলি করে

শরদিন্দু সমীরনে, সলিলসংগীতে,

ঝিনুকের মেখলায়- বঙ্কিম কটিদেশ দুলায়ে ৷ 

স্ফীত জল সহসা কুঞ্চিত, মহাকর্ষবলের প্রভাব

সময়ের কাটা অঙ্কের নিয়মে ঘুরছে কক্ষপথ, 

বিশাল জলরাশি উপকূল ছাড়ে গহীন সাগর পানে 

উত্তর-দক্ষিণে আসিলে জোয়ার, ভাটাও সমকোনে ৷

নিশা ঘুমে যায় শশীও হারায় ক্লান্ত ঊর্মিমালা 

নতশির গ্রীবা বিমর্ষ বদনে ফিরে যায় সাগরবালা ৷

নীলাম্বুধি বলে, শোন নন্দিনী-

সর্বংসহা সর্বোত্তম জানিও, অটল থাকিও সত্য-ন্যায়ে 

ধন্য জীবন স্ব-কর্মে শাশ্বত, সেবক রবে ত্যাগের ব্রতে ৷

অনিষ্টকারী বন্ধু নয় কারো, পাইনা আসন হৃদয়ে 

বন্ধু চিনিবে দুর্দিনে, দুঃখের দিনে যে রবে পাশে ৷

জোয়ার-ভাটা মহাকর্ষ বলে ঘুরছে চক্রাকারে

সময় আবর্তে মধুরিমা হারায় নিশীথ জোয়ার ফুরলে ৷

Comments

    Please login to post comment. Login