চলতি বছরের ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড পেয়েছেন স্কটিশ লেখক আলি স্মিথ। ২১ মে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আন্তর্জাতিক সাহিত্য উৎসব চলাকালীন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়। ডাবলিন সিটি কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই পুরস্কারটি এ বছর ৩১তম বর্ষে পদার্পণ করেছে।
আলি স্মিথ তার উপন্যাস ‘গ্লিফ’ এর জন্য মর্যাদাবান এই সাহিত্য পুরস্কারটি পান। এটি ২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত হয়। উপন্যাসটির কাহিনী দুই ভাইবোনকে কেন্দ্র করে, যাদের মা চলে যাওয়ার পর তারা নিজেদের ভরণপোষণের জন্য সংগ্রাম করতে থাকে এবং একদল অবৈধ দখলদার তাদের আশ্রয় দেয়। সমালোচকরা বইটিকে একজন উদ্ভাবনী লেখকের চিত্তাকর্ষক শৈলীতে উদ্ভাসিত এক অন্ধকারাচ্ছন্ন চিত্র বলে উল্লেখ করেছেন।
ডাবলিনের মেয়র রে ম্যাকঅ্যাডাম বলেছেন, ‘আলি স্মিথের উপন্যাস গ্লিফ একটি অসাধারণ এবং অত্যন্ত শক্তিশালী সৃষ্টি। যখন বিশ্বজুড়ে গণতন্ত্রকে প্রায়শই ভঙ্গুর বলে মনে হয়, তখন এই উপন্যাসটি জোরালোভাবে মনে করিয়ে দেয় যে স্বাধীনতা, মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে কখনোই সহজলভ্য বলে ধরে নেওয়া উচিত নয়।’
এদিকে ৬৩ বছর বয়সী আলি স্মিথ বলেছেন, ‘আমার উপন্যাসটি যে আত্মপ্রকাশ করেছে এবং ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড জিতেছে, তাতে আমি অত্যন্ত বিস্মিত ও আনন্দিত। এটি লেখকদের কাছে অত্যন্ত সমাদৃত একটি পুরস্কার। ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড, এমন একটি পুরস্কার যা সর্বদা আন্তর্জাতিক হওয়ার সাহস রাখে এবং অনুবাদের গুরুত্ব বোঝে।'
উল্লেখ্য, ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড ইংরেজিতে লেখা বা অনূদিত সেরা উপন্যাসের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও আর্থিকভাবে মূল্যবান বার্ষিক সাহিত্য পুরস্কার। ডাবলিন সিটি কাউন্সিল ১৯৯৬ সালে এটি চালু করেছে। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ইউরো (১ লাখ ১৬ হাজার ডলার)। এই পুরস্কারের জন্য বিশ্বজুড়ে বিভিন্ন পাবলিক লাইব্রেরি থেকে মনোনয়ন জমা পড়ে এবং বিচারকদের একটি প্যানেল দীর্ঘ তালিকা, সংক্ষিপ্ত তালিকা ও বিজয়ী নির্ধারণ করে।
সূত্র: কিরকাস