Story

হৃদয় গহীনে শিউলী

June 13, 2026

Original Author মোঃ আবু হানিফ

343 views

শিউলিটাকে খুব ভালভেসেছিলাম! সময়ের আবর্তনে সে এখন অনেকটাই অতীত। বাস্তবতা, কাল, স্থান ও সময় কেউ কারো নয়, সবই কেমন যেন সময়ের আবর্তে বদলায়। হযতো আমিও বদলেছি। স্থান ও কাল পরিবর্তন হয়েছে, সময়ের আবর্তনে বাস্তবতা আজ অনেক দুর গড়িয়েছে। সেই শিউলিটা আজও অধরা! মনের গহীনে আচঁড় কাটে আর স্মরণ  করিয়ে দেয় স্মৃতিতে স্মৃতিময় অতীতের কথা। 

হায়রে ভালবাসা! আমি সেই শিউলির কথাই বলছি, প্রকৃতিতে নিষ্পেষিত, স্নিগ্ধ, শান্ত, কোমল সাদা বসন আর জাফরান রঙে মোড়ানো শুভ্রকুমারী শিউলি ফুলের কথা। স্নিগ্ধতার আবেশে ছড়িয়ে পড়ে চারিদিকে নেশা লাগানো সুবাস আর রাতের আধাঁরে নিজের রূপ যেন পুরোটাই ছড়িয়ে দেয় কাহার মাঝে? আর ভোরের আলো ফুটলেই তৈরি করে সাদা-কমলা রঙের গালিচা। দিনের আলোর স্পর্শে যে তার নিজস্বতা হারিয়ে নিজেকে বিলিয়ে দেয় গালিচার মতো ও শিশির-ভেজা কমলা-সাদা বৈভব সৃষ্টিতে কি অপরুপ বিনিসুতায় গাঁথা এক প্রকৃতির মিলন। কার জন্যে? কার সঙ্গে? কোথায় যেন এই শিউলির এত লুকোচুরি আর অভিমানের খেলা?

আজ পথ চলার সেই অনেকটা অনুভূতিই  নিজেকে কেমন যেন একা ও অসহায়ত্বের মতো মনে হয। উন্মনা, ব্যাকুল ও মুগ্ধতার মাঝেও কি যেন খূঁজে ফিরি, অথচ কি যেন নেই এই ইট-পাথুরে শহরে। আমাদের শত ব্যস্ততার মাঝেও প্রকৃতি তার ঢালী সাজায় কুয়াশার কাফন মোড়ানো ভোর আর শিশির ভেজা উঠোন বা পথে প্রান্তরে সবুজ ঘাসের গালিচায় ঝরে পড়া কমলা- সাদা শিউলির উপহার দিয়ে, যার নয়নাভিরাম সৌন্দর্যে চোখ আটকে যাবে যেকোন মানুষের। শিউলির কদর্য যুগ থেকে যুগান্তর কখনও বা পূজোয় আর কখনও বা মালায়। কুয়াশা জড়ানো  নিশিত  ঝিরিঝিরি শীতল বাতাসে ভেসে আসা মিষ্টি সুভাষ জানিয়ে দেয় তার অস্তিত্ব দিক থেকে দিগন্তে।

আবহমান বাংলার চিরচেনা সেই রুপ, অজপাড়া গাঁ এ বড় হওয়া, শীতের ভোরে শিউলিতলায় ফুল কুড়ানোর উৎসাহ ও আনন্দ চিরকালের। আজ শিউলিকে দেখলে কেন যেন মনে হয়, বিষন্ন বৃক্ষের এক মায়াবতী ফুল। কেননা, সে কেবল মানুষ ও কবিকে মুগ্ধই করেনি, যুগে যুগে অসংখ্য মুগ্ধ অনুরাগীও তৈরি করেছে। আর সেই অনুরাগেই সৃষ্টি হয়েছে প্রেম- ভালবাসা ও একাকিত্বসহ পারিজাতিকাদের পরাজিত প্রেমের আত্মহননও।

প্রযুক্তির যাতাকলে নগর সভ্যতায়নে শিউলি কুড়ানো শুধুই অতীত, হয়তো ফিরে পাওয়ার নয়। সেই স্মৃতি ও ঢালা/ মুঠোভর্তি ফুল জীবনের অনেক অপ্রাপ্তির কথা মুহূর্তের জন্য হলেও ভুলিয়ে দেয় একাকীত্বকে। প্রকৃতির দান বড়ই অপ্রার্থিব আনন্দের স্বর্গীয় অনুভূতি। সেই অনুভূতি হউক সকলের কুয়াশামাখা ভোরে শিউলি কুড়ানো কোন এক প্রিয়তমার জন্য!!।

--আবু হানিফ --

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • মাশাআল্লাহ 💝 অসাধারণ লেখনী