আফগানিস্তানের একটি হোটেল নিয়ে লেখা বইয়ের জন্য কানাডিয়ান সাংবাদিক লাইস ডুসেট চলতি বছরের উইমেন্স প্রাইজ ফর ননফিকশন পুরস্কার জিতেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় লন্ডনে এক জমকালো অনুষ্ঠানে ফিকশন এবং ননফিকশন বিভাগে পুরস্কার বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হয়।
‘দ্য ফাইনেস্ট হোটেল ইন কাবুল’ বইয়ের জন্য ডুসেট মর্যাদাবান এই পুরস্কার পান। ২০২৫ সালে প্রকাশিত এই বইতে ইন্টার-কন্টিনেন্টাল কাবুলের ইতিহাস তুলে ধরা হয়েছে, যা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত একটি বিলাসবহুল হোটেল এবং আফগানিস্তানের আধুনিকীকরণের প্রতীক।
বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা ডুসেট, ১৯৮৮ সাল থেকে আফগানিস্তানে অবস্থান করছেন। ‘দ্য ফাইনেস্ট হোটেল ইন কাবুল’ হলো ধ্বংস ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে টিকে থাকা আফগানিস্তান এবং সেখানকার মানুষদের দৈনন্দিন জীবনযাপনের কাহিনী। ৬৭ বছর বয়সী কানাডিয়ান এই সাংবাদিক তার অভিজ্ঞতা ও প্রতিবেদনের মাধ্যমে এই গল্পগুলো ফুটিয়ে তুলেছেন।
এদিকে এ বছরের নিনফিকশন বিভাগের বিচারকমণ্ডলীর প্রধান থাঙ্গাম ডেবোনেয়ার এই বইটিকে বর্ণনামূলক ননফিকশনের একটি নিখুঁত কাজ বলে অভিহিত করেছেন, যা কয়েক দশকের চমৎকার প্রতিবেদনের ওপর ভিত্তি করে রচিত।
লাইস ডুসেট ১৯৫৮ সালে কানাডার নিউ ব্রান্সউইকে জন্মগ্রহণ করেন। গত চার দশকে তিনি মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও সিরিয়া থেকে প্রতিবেদন করেছেন। সিরিয়ায় তার দলের কাজের জন্য তিনি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ড জেতেন এবং ২০১৯ সালে অর্ডার অব কানাডার সদস্য হন।
উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ননফিকশন ২০২৪ সাল থেকে দেওয়া হচ্ছে। পুরস্কারটি সারা বিশ্বের নারী লেখকদের জন্য উন্মুক্ত, যারা ইংরেজিতে লেখেন এবং যাদের বই যুক্তরাজ্যে প্রকাশিত হয়। পুরস্কার হিসেবে বিজয়ী লেখক ৩০ হাজার পাউন্ড বা প্রায় প্রায় ৪০ হাজার মার্কিন ডলার পান।