মারিও পুজোর ভক্তদের জন্য একটি সুখবর দিয়েছে প্রকাশনা সংস্থা র্যান্ডম হাউস। কিংবদন্তি ‘দ্য গডফাদার’ কে ঘিরে আগামী বছর নতুন একটি উপন্যাস প্রকাশ করতে যাচ্ছে সংস্থাটি। এটি লিখছেন বেস্টসেলার মার্কিন লেখক অ্যাড্রিয়ানা ট্রিজিয়ানি।
র্যানডম হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বইটি হবে ডন ভিটো কর্লিওনের একমাত্র মেয়ের দৃষ্টিকোণ থেকে 'দ্য গডফাদার' এর ঘটনাপ্রবাহের এক নতুন রূপায়ণ। নতুন উপন্যাসটির নাম রাখা হয়েছে 'কনি'।
মারিও পুজোর ‘দ্য গডফাদার’ ১৯৬৯ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিউইয়র্কের কর্লিওনে মাফিয়া পরিবারের কাহিনী নিয়ে রচিত, যারা প্রতিদ্বন্দ্বী মাফিয়া গোষ্ঠীর সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। এই উপন্যাস অবলম্বনে তিনটি সিনেমার একটি সিরিজ বানানো হয়েছিল। এর মধ্যে প্রথম দুটি সিনেমা ‘সেরা চলচ্চিত্র’ বিভাগে অস্কার জয় করেছিল।
১৯৮৪ সালে পুজো এই উপন্যাসের একটি সিক্যুয়েল ‘দ্য সিসিলিয়ান’ প্রকাশ করেন। ১৯৯৯ সালে পুজোর মৃত্যুর পর, তার উত্তরাধিকারীরা এই সিরিজের আরও তিনটি উপন্যাস প্রকাশের অনুমোদন দেন। এগুলো হলো, মার্ক ওয়াইনগার্ডনারের লেখা ‘দ্য গডফাদার রিটার্নস’ (২০০৪) ও ‘দ্য গডফাদারস রিভেঞ্জ’ (২০০৬) এবং এড ফ্যালকোর লেখা ‘দ্য ফ্যামিলি কর্লিওনে’ (২০১২)।
এদিকে অ্যাড্রিয়ানা ট্রিজিয়ানির 'কনি' উপন্যাসে মাফিয়া বস ভিটো কর্লিওনের কনিষ্ঠ সন্তান কনি কর্লিওনের ওপর আলোকপাত করা হবে। এক বিবৃতিতে ট্রিজিয়ানি বলেছেন, ‘কনি’ এমন এক নারীর গল্প, যে পৃথিবীতে নিজের পথ তৈরি করতে চায়, যেখানে আগে থেকেই তার পরিচয়, অবস্থান এবং তার সঙ্গে কেমন আচরণ করা হবে, সব নির্ধারণ করে রাখা হয়েছে। ডন ভিটো কর্লিওনে ও মাইকেল কর্লিওনেকে যারা কম গুরুত্ব দিয়েছিল, তাদের চরম মূল্য দিতে হয়েছিল। কনি কর্লিওনের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে।
উল্লেখ্য, অ্যাড্রিয়ানা ট্রিজিয়ানি ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮টি বেস্টসেলিং বইয়ের লেখক। পাশাপাশি তিনি একজন নাট্যকার, টিভি সিরিজের লেখক ও প্রযোজক এবং চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। 'দ্য শুমেকারস ওয়াইফ' ও 'দ্য ভিউ ফ্রম লেক কোমো' এর মতো উপন্যাসের জন্য তিনি পরিচিত।