Posts

নিউজ

নিষিদ্ধ বইয়ের জন্য লাইব্রেরি খুললেন দুয়া লিপা

June 29, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
44
View

জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা বইয়ের প্রতি তার ভালোবাসাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। ‘নিউ রুলস’, ‘ডোন্ট স্টার্ট নাও’ এবং ‘ট্রেনিং সিজন’ এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত এই ইংরেজ গায়িকা ও গীতিকার সম্প্রতি পর্তুগালের পোর্তো শহরে 'ম্যানিফেস্টো লাইব্রেরি' নামে নিষিদ্ধ ও সেন্সর করা বইয়ের একটি বিশেষ লাইব্রেরি চালু করেছেন।

পর্তুগালের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক বুকশপ ‘লিভরারিয়া লেলো’ এর সহযোগিতায় ২৭ জুন নিষিদ্ধ বইয়ের এই লাইব্রেরিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই লাইব্রেরিতে এমন সব বই রয়েছে যা ক্ষমতা, সেন্সরশিপ, বর্জন এবং আধিপত্যবাদী বয়ানকে চ্যালেঞ্জ জানায়। লাইব্রেরিতে থাকা বইগুলোর মধ্যে রয়েছে রে ব্র্যাডবারির ‘ফারেনহাইট ফোর হান্ড্রেড ফিফটি ওয়ান’, ফ্রাঞ্জ কাফকার ‘দ্য ট্রায়াল’, জোডি পিকোল্টের ‘নাইনটিন মিনিটস’ এবং ট্রেভর নোয়ার ‘বর্ন আ ক্রাইম’। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘লিভরারিয়া লেলো’ জানিয়েছে, লিপার নিষিদ্ধ বইয়ের সংগ্রহশালা মূলত এমন সব বইয়ের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য যা হারিয়ে গেছে; এমন সব লেখকের প্রতি সম্মান যারা সাহসিকতার সাথে ক্ষমতা ও নিয়ন্ত্রণের কাঠামোকে উন্মোচিত করেছেন এবং এমন সব পাঠকের প্রতি স্বীকৃতি যারা কোনো বই পড়ার ক্ষেত্রে বাইরের কোনো নির্দেশ বা বিধিনিষেধ মেনে নিতে অস্বীকার করেন।       

এদিকে লিপা এক বিবৃতিতে বলেছেন, ‘এখানে আপনারা এমন একশোটি বইয়ের সন্ধান পাবেন, যা নানা বিষয়ে প্রশ্ন তোলে কিংবা যা নিয়ে বিতর্ক বা প্রশ্ন উঠেছে। এছাড়া জাতিসত্তা বা যৌনতার মতো বিষয়বস্তুর কারণে কোনো কোনো বই স্কুল কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে আবার এলজিবিটিকিউ থাকায় কিছু বই প্রদর্শনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এসব বইও এই লাইব্রেরিতে পাওয়া যাবে।’ 

উল্লেখ্য, দুয়া লিপা একজন বইপ্রেমী পপ তারকা হিসেবে পরিচিত। তিনি ‘Service95 Book Club’ এর প্রতিষ্ঠাতা। এই ক্লাবের মাধ্যমে পল মারের ‘দ্য বি স্টিং’ টমি অরেঞ্জের ‘দেয়ার দেয়ার’ এবং ক্লেয়ার কিগানের ‘সো লেট ইন দ্য ডে’ এর মতো বইগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। 

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login