Poetry

সহমত ভাই

June 30, 2026

84
View

১.
আপনাকে অভিনন্দন স্যার।
আপনি আমাকে চেনেন না?
যাকগে, তবুও আপনাকে অভিনন্দন।

মিষ্টি পাবো তাই বলছি?
না না, স্যার,
তা কি করে হয়?

এই ধরুন, আপনার সাথে আমার একটা পিকচার ছিল—
আমার হাত দুটো মোচড়ানো
আর মুখে অঢেল হাসি।

মনে পড়ছে না?
সমস্যা নেই।

আপনি স্যার অনেক দূরে যাবেন,
আকাশের সমান উঁচুতে উঠবেন।
আর স্যার, আমাদের বটবৃক্ষের ন্যায়
ছায়া দেবেন।

স্যার, ফাইলটা ছিল স্যার।
জ্বি স্যার, জানি স্যার।
জ্বি, আবারও অভিনন্দন স্যার।

২.
শুভ জন্মদিন ভাই।
হাজার বছর বেঁচে থাকুন ভাই।

আমাকে চিনলেন না?
আমি আপনার সহমত ভাই।

ভাই, জ্বি ভাই, জ্বি জ্বি।
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।

ভাই, একটু দেখিয়েন ভাই।
জ্বি ভাই।

ভাই, একটা পিকচার—
জ্বি ভাই, ঘরে বাঁধিয়ে রাখবো।
ফেসবুকেও দেব।

শুধু একটু নজরটা দিয়েন।
জ্বি ভাই, জ্বি জ্বি।

সহমত ভাই।

Comments

    Please login to post comment. Login