চলতি বছরের অরওয়েল প্রাইজ জিতেছেন মার্কিন লেখক ও কবি বেন লার্নার। তিনি পলিটিক্যাল ফিকশন ‘ট্রান্সক্রিপশন’ এর জন্য এই পুরস্কার পান। সম্প্রতি অরওয়েল ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ফিকশন এবং ননফিকশন দুটি বিভাগে পুরস্কারটি দেওয়া হয়।
প্রযুক্তি ও স্মৃতি নিয়ে রচিত ‘ট্রান্সক্রিপশন’ উপন্যাসটি এ বছরের এপ্রিলে প্রকাশিত হয়। এটি এমন এক ব্যক্তিকে নিয়ে লেখা উপন্যাস, যার ৯০ বছর বয়সী পরামর্শদাতার সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনাটি ভেস্তে যায় যখন তার স্মার্টফোনটি সিঙ্কে পড়ে নষ্ট হয়ে যায়। নিউইয়র্ক টাইমস বেন লার্নারকে তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান লেখক হিসেবে উল্লেখ করেছে।
অরওয়েল প্রাইজের ফিকশন বিভাগের বিচারক প্যানেলের প্রধান ফিয়ামেত্তা রক্কো বলেছেন, ‘নতুন প্রযুক্তির প্রতি আমাদের অদম্য আকাঙ্ক্ষা নিয়ে এক গভীর ও চুলচেরা বিশ্লেষণধর্মী এই রচনাটি ক্ষুধা, প্রেম ও পারস্পরিক সংযোগ নিয়ে আমরা নিজেদের যেসব বিভ্রান্তিকর গল্প শোনাই, সেগুলোরই অন্বেষণ করে। এটি মর্যাদার সাথে মৃত্যুবরণ এবং এক নতুন পৃথিবীতে বেড়ে ওঠার গল্প। এটি একইসাথে রসাত্মক, বুদ্ধিদীপ্ত ও সময়োপযোগী। লার্নার এমন একজন লেখক যিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠার দাবি রাখেন।’
এদিকে ননফিকশন বিভাগে ব্রিটিশ লেখক কারেন বার্টলেট তার ‘দ্য এস্কেপ ফ্রম কাবুল’ বইটির জন্য অরওয়েল প্রাইজ জিতেছেন। এই বইতে ২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের পর হুমকির মুখে পড়া আফগান নারী আইনজীবীদের কথা তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, বিখ্যাত ইংরেজ উপন্যাসিক জর্জ অরওয়েলের সম্মানে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। এটি রাজনৈতিক লেখালেখির জন্য দেওয়া যুক্তরাজ্যের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। ১৯৯৩ সালে এটি চালু হয়। বিজয়ীরা প্রত্যেকে পাঁচ হাজার পাউন্ড পান।