Posts

নিউজ

ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ- ২০২৭ এর বিচারকদের নাম ঘোষণা

July 3, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
29
View

ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২৭ এর বিচারকদের একটি নতুন প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাবি উড ৫ জন বিচারকের এই প্যানেলের নাম ঘোষণা করেছেন।   

২০২৭ সালের বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করবেন জাপানি বংশোদ্ভূত মার্কিন উপন্যাসিক কেটি কিতামুরা। তার ২০২৫ সালের উপন্যাস ‘অডিশন’ বুকার প্রাইজের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিল। বিচারক হিসেবে আরও থাকবেন ব্রিটিশ লেখক প্যাট্রিক ম্যাকগিনেস (‘থ্রো মি টু দ্য উলভস’), বেস্টসেলিং ব্রিটিশ লেখক ও ফটোগ্রাফার ক্যালেব আজুমা নেলসন (‘ওপেন ওয়াটার’), ডেনমার্কের কবি ওলগা রাভন (‘দ্য ওয়্যাক্স চাইল্ড’) এবং মার্কিন অভিনেত্রী টেসা থম্পসন। 

এক বিবৃতিতে কিতামুরা বলেন, 'অনুবাদ হলো দুটি মনের মধ্যকার কথোপকথন। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পাঠকদের লেখক ও অনুবাদকের মধ্যকার সেই গভীর সংযোগটি অনুভব করার সুযোগ করে দেয়। একটি পুরস্কার হিসেবে এটি অনন্য কারণ এতে সংশ্লিষ্ট উভয় পক্ষের কাজেরই স্বীকৃতি দেওয়া হয়।' 

বুকার প্রাইজ ফাউন্ডেশন জানিয়েছে, অনুদান প্রদানকারী সংস্থা ‘বুখম্যান ফিলানথ্রপিস’ আগামী এক দশক ধরে এই সাহিত্য পুরস্কারের অর্থায়নে সম্মত হওয়ায় পুরস্কারটির নতুন নাম রাখা হয়েছে ‘বুখম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ’। ২০১৯ সাল পর্যন্ত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ম্যান গ্রুপ’ এর পৃষ্ঠপোষকতায় এটি ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ নামে পরিচিত ছিল।     

নতুন স্পনসরশিপের আওতায় পুরস্কারের অর্থ দ্বিগুণ করা হয়েছে। ফলে পুরস্কারবিজয়ীরা এখন ১ লাখ ব্রিটিশ পাউন্ড (প্রায় ১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার) পাবেন। এই অর্থ লেখক এবং অনুবাদকের মধ্যে ভাগ করে দেওয়া হবে।   

এদিকে গ্যাবি উড বলেছেন, ‘এই পুরস্কারের পরবর্তী দশকের দিকে তাকানোর সময় আমরা গভীর দায়িত্ববোধ ও আশাবাদ অনুভব করছি। বুখম্যান ফিলানথ্রপিস এর প্রতিশ্রুতি কেবল এই পুরস্কারের ভবিষ্যৎকেই নয় বরং সাহিত্যের সামগ্রিক পরিমণ্ডলকেও নতুন রূপ দেওয়ার ক্ষমতা রাখে; এটি এমন সব লেখক ও অনুবাদককে তুলে ধরবে, যাদের গল্প সংস্কৃতি, সীমানা ও অভিজ্ঞতার গণ্ডি পেরিয়ে আমাদের একে অপরের সাথে আরও নিবিড়ভাবে সংযুক্ত করবে।’ 

ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২৭ এর দীর্ঘ তালিকা আগামী বছরের ১৬ মার্চ এবং সংক্ষিপ্ত তালিকাটি ১৫ এপ্রিল প্রকাশিত হবে। মে মাসে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বই এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। নোবেলজয়ী দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং ২০১৬ সালে ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য এ পুরস্কার পান। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন ডেবোরা স্মিথ।  

   

Comments

    Please login to post comment. Login