Posts

নিউজ

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হলেন পর্তুগিজ লেখক লিডিয়া হোর্হে

July 9, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
19
View

পর্তুগিজ লেখক লিডিয়া হোর্হে ২০২৬ সালের অস্ট্রিয়ান স্টেট প্রাইজ ফর ইউরোপিয়ান লিটারেচার পুরস্কার পেয়েছেন। সম্প্রতি অস্ট্রিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপীয় সাহিত্যে তার সমগ্র জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।  

২৭ জুলাই অস্ট্রিয়ার সালজবার্গ শহরে অনুষ্ঠেয় সালজবার্গ ফেস্টিভালে আনুষ্ঠানিকভাবে লেখকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তিনি পাবে্ন ২৫ হাজার ইউরো। ১৯৬৫ সালে প্রবর্তিত এ পুরস্কারটি এমন একজন ইউরোপীয় লেখকের সমগ্র সাহিত্যকর্মের জন্য প্রদান করা হয়, যার লেখা আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য স্বীকৃতি লাভ করেছে এবং জার্মান ভাষায় অনূদিত হয়েছে। 

অস্ট্রিয়ার সংস্কৃতিমন্ত্রী আন্দ্রেয়াস বাবলার এক বিবৃতিতে বলেছেন, ‘লিডিয়া হোর্হে সমসাময়িক ইউরোপীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক। তার সাহিত্যকর্ম যেমন বৈচিত্র্যময় ও বহুমুখী, তেমনি এর বিষয়বস্তুও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সর্বব্যাপী।’ 

উল্লেখ্য, লিডিয়া হোর্হে ১৯৪৬ সালে পর্তুগালের আলগার্ভ প্রদেশের লুলে শহরে জন্মগ্রহণ করেন। তিনি দেশটির রাজধানী লিসবনে ফরাসি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এবং উপনিবেশিক যুদ্ধের সময় অ্যাঙ্গোলা ও মোজাম্বিকে বেশ কয়েক বছর বসবাস করেছিলেন। সাহিত্যের পাশাপাশি তিনি তার জীবনের একটি অংশ শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ৮০ বছর বয়সি এই লেখক চলতি বছর পর্তুগিজ ভাষার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কামোঁইশ প্রাইজ জিতেছেন। তিনি ১৩টি উপন্যাস সহ অসংখ্য শিশুতোষ গ্রন্থ, ছোটগল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন। তার এসব রচনা স্প্যানিশ, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় অনূদিত হয়েছে।  

Comments

    Please login to post comment. Login