নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক তার লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের কথা প্রকাশ করার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সাহিত্য বিষয়ক ওয়েবসাইট লিটারারি হাব এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬৪ বছর বয়সী পোলিশ এই লেখক স্বীকার করেছেন, লিটারারি ফিকশনের ক্ষেত্রে এই প্রযুক্তি এক অবিশ্বাস্য মাত্রার সুবিধা নিয়ে এসেছে।
পোল্যান্ডের পোজনান শহরে আয়োজিত এক অনুষ্ঠানে ওলগা তোকারচুক জানিয়েছেন, তার সর্বশেষ উপন্যাস ‘দ্য এম্পুসিয়াম’ লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন। তোকারচুকের বক্তব্যের কিছু অংশ অনুবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ব্লুস্কাই’ এ প্রকাশ করেছেন পোলিশ-অস্ট্রেলিয়ান লেখক ম্যাকস সিপোভিচ।
তোকারচুক বলেছেন, আমার সর্বশেষ উপন্যাসটি লেখার সময় আমি এই উন্নত মডেলটিকে (এআই চ্যাটবট) জিজ্ঞেস করেছিলাম যে, কয়েক দশক আগে কোনো নাচের আসরে আমার গল্পের প্রধান চরিত্ররা কী ধরনের গান শুনত। তখন এআই আমাকে কয়েকটি গানের নাম জানিয়েছিল।'
তিনি আরও বলেন, প্রায়ই আমি মেশিনটিকে বলি, “প্রিয়, বিষয়টিকে আমরা কীভাবে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি?’ অর্থনীতি ও সুনির্দিষ্ট তথ্যের ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং নানা ধরনের ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও আমাকে বলতেই হবে যে, লিটারারি ফিকশনের ক্ষেত্রে এই প্রযুক্তি এক অভাবনীয় সুবিধাজনক মাধ্যম।”