Posts

নিউজ

নভেম্বরে প্রকাশিত হচ্ছে বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’

July 15, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
8
View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের শেষেরদিকে একটি স্মৃতিকথা প্রকাশ করতে যাচ্ছেন। মার্কিন সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বইটি প্রকাশ করবে লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি।  

লিটল, ব্রাউন সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৬তম এই মার্কিন প্রেসিডেন্টের লেখা ‘প্রমিস মি, আমেরিকা’ ১৭ নভেম্বর প্রকাশিত হবে। 

বইটিকে 'বাইডেনের ঐতিহাসিক প্রেসিডেন্সি এবং আমেরিকার ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি বছর নিয়ে তার ব্যক্তিগত বয়ান’ হিসেবে উল্লেখ করা হয়েছে।   

এদিকে বাইডেন একটি ভিডিওর মাধ্যমে তার স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দিয়ে বলেন, ‘এটি জাতি হিসেবে আমাদের যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে, আমার নেওয়া সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তগুলো কেন নিয়েছিলাম—তারই বয়ান। কোভিড পরবর্তী সময়ে দেশের নেতৃত্ব দেওয়া, অর্থনীতি পুনর্গঠন এবং ৬ জানুয়ারির হামলার পর গণতন্ত্র পুনরুদ্ধারের মত ঘটনাগুলো এই বইয়ে তুলে ধরা হয়েছে।’   

তিনি আরও বলেন, ‘এছাড়াও এতে রয়েছে আফগানিস্তানে দেশের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানো, ন্যাটোকে শক্তিশালী করা এবং ইউক্রেনকে সহায়তা করার বিষয়গুলো। কেন আমি পুনরায় নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং কেনইবা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম—তাও এতে উঠে এসেছে। তবে সবচেয়ে বড় কথা হলো, আমেরিকার প্রতিশ্রুতির ওপর আমার আস্থার বিষয়টিই আমি পাঠকদের কাছে তুলে ধরতে চেয়েছি।'    

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্র্যান্টন শহরের বাসিন্দা বাইডেন ১৯৭১ সালে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউ ক্যাসেল কাউন্টি কাউন্সিলের সদস্য হিসেবে জনসেবায় তার কর্মজীবন শুরু করেন। পরের বছরই তিনি ডেমোক্রেট পার্টির সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা তাকে তার রানিং মেট হিসেবে বেছে নেওয়ার আগে তিনি ৩৫ বছরেরও বেশি সময় সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আট বছর দায়িত্ব পালন করেন। 

তিনি ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। চার বছর পর বাইডেন ও ট্রাম্পের মধ্যে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনী বিতর্কে অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান। তার স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যিনি নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হন।  

   

Comments

    Please login to post comment. Login