Posts

গল্প

দরদী

July 16, 2026

Abu Hanif

4
View



দরদী মানুষের সবচেয়ে বড় পরিচয় তার হৃদয়ের অনুভূতির গভীরতা, জীবনদর্শন, সাহিত্যিক ভাষা ও মনের কোণায় উঁকি দেয়া এক উপলব্ধি; যা  হৃদয়ে নীরব ঢেউ তোলে।  মানুষের সবচেয়ে বড় পরিচয়—তার হৃদয়। যে হৃদয়ে অন্যের কান্না শুনে ব্যথা জাগে, অন্যের কষ্ট দেখে নিজের চোখ ভিজে ওঠে, সেই হৃদয়ই প্রকৃত দরদী।

পৃথিবীর সবচেয়ে দামী জিনিসগুলো কখনো বাজারে বিক্রি হয় না। একটি আন্তরিক স্পর্শ, একটি সান্ত্বনার বাক্য, একটি নিঃস্বার্থ সহানুভূতি কিংবা কারও দুঃসময়ে নীরবে পাশে দাঁড়িয়ে থেকে সাহস জোগানো—এসবের কোনো মূল্য নির্ধারণ হয় না। অথচ এগুলোই ভেঙে পড়া মানুষকে আবার বাঁচতে শেখায়।

আজ মানুষের ঘর বড় হয়েছে, কিন্তু হৃদয়ের জানালাগুলো যেন ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। হাসির শব্দ বেড়েছে, অথচ মমতাময়ী মায়ার ভাষা ও অনুভূতি ছোঁয়া  কমে গেছে। চারিদিকে অসংখ্য মানুষ, কিন্তু সত্যিকারের দরদী মানুষের অভাব যেন প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হচ্ছে, সবকিছু পাওয়ার পরও কেমন যেন চারিদিকে নিস্তব্ধ শূন্যতা। হাত যখন ছুঁয়েছি শূন্যতায়, কি যেন নেই এ ধরায়, তবুও ধরতে হবে, তাইতো ভুল করে ছুঁয়ে ফেলেছি এক হৃদয়হীন মানুষের হাত, তাকে দরদী ভেবে অনেকটাই।

মানুষ ও তার চক্রাকার জীবন বড়ই অদ্ভুত। যে হৃদয় অন্যের বেদনা নিজের ভেতর ধারণ ও লালন করতে জানে, সে কখনো নিঃস্ব হয় না। তার হাতে হয়তো ধন-সম্পদ থাকে না, কিন্তু তার একটা মস্তবড় মন বা হৃদয় থাকে। যে হৃদয়ে জমতে থাকে তার জন্য সেরা উপটৌকন আর মানুষের ভালবাসা।  মানুষের ভালবাসার উপটৌকনের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছুই নেই। যা একটা মানুষকে সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করে।

দরদী হওয়া দুর্বলতা নয়; এটি এমন এক শক্তি, যা ভাঙা হৃদয়ের গহীনে আশার প্রদীপ জ্বালিয়ে দেয়। কারণ পৃথিবীকে বদলে দেয় ক্ষমতা নয়, বদলে দেয় একটি কোমল হৃদয়। হয়তো একদিন এই পৃথিবী আমাদের নাম ভুলে যাবে, আমাদের অর্জনও মুছে যাবে সময়ের ধুলোয়। কিন্তু যদি কোনোদিন একটি অশ্রুসিক্ত চোখের জল মুছে দিতে পারি, যদি কোনো একটি ভাঙা হৃদয়ে সামান্য শান্তি রেখে যেতে পারি, তবে সেখানেই কালের আবর্তনে হয়তো জীবনের সবচেয়ে সুন্দর পরিচয়ের একটি গল্প লেখা হবে।

চরিত্রের চেয়ে জীবনের দর্শন গভীর ও তার চেয়ে বড় হলো অনুভূতি। পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ সে নয়, যার ভাণ্ডার ধনে ভরপুর বরং সবচেয়ে ধনী সে, যার দরদে ভরা একটি হৃদয়। দরদী হতে অর্থের প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু এমন একটি হৃদয়ের, যেখানে নিজের সুখের আগে অন্যের কান্নার শব্দ পৌঁছায়। 

দরদী মানুষের ঠিকানা কোনো শহর বা গ্রাম নয়—তার ঠিকানা মানুষের হৃদয়। আর সেই ঠিকানাই হলো পৃথিবীর সবচেয়ে স্থায়ী ঠিকানা যেন মরনেও সে সুখী।।

আবু হানিফ

Comments

    Please login to post comment. Login