Story

কাশফুলে শরতের ছোঁয়া

September 5, 2026

Original Author মোঃ আবু হানিফ

308 views

এক মায়াবী মায়াজালে বুনে চলা প্রকৃতি যখন শান্ত, স্নিগ্ধ ক্যানভাসে সাদা মেঘের ভেলা আর নদীর কলতানে বাতাসে দোল খাওয়া শুভ্র কাশের ঢেউ- এই দুয়ের মেলবন্ধনের ধরাতলে আগমন ঘটে শরতের। প্রকৃতি অপার মায়ায় এ যেন কোন কৃত্রিম উৎসব নয়, যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি। দেখে যেন মনে হয় প্রকৃতির নিজস্ব এক রূপান্তরের কোন এক লুকোচুরি খেলা। শরৎ আসে, যায়; কাশফুলেই যেন তার চিরসাথী। 

বর্ষার বিধায়ে আকাশের ধূসরতা কাটিয়ে নীল রঙের আভা ছড়িয়ে সুনীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের দল, আর মাটির বুক ভেদ করে বেড়িয়ে আসা  কাশফুলেরা যেন একে অন্যের মিতালী। দেখে যেন মনে হয় যুগ থেকে যুগান্তরে ছুঁয়ে গেছে তাদের মিতালী। নদীর ধারে, বালুচরে, মোহনা কিংবা কোন এক নির্জন প্রান্তরে জেগে ওঠা কাশফুল দেখে যেন মনে হয় কত চেনা এক প্রকৃতির রূপ কত সহজেই ধরা দেয় কপোত-কপোতীদের কাছে। কাশবনে বাতাসের ভাঁজে ভাঁজে কতই না প্রকৃতির লুকোচুরি খেলা, দেখে যেন মনে হয় কোন এক প্রেমিক খুঁজে বেড়াচ্ছে তার হারানো প্রেমিকাকে। 

কাশবনের ওপর দিয়ে বয়ে চলা হালকা বাতাসে পুরো মাঠ জুড়ে তৈরি হয় এক দোলাচল। সেই দোলাচলের অনুভূতিতে কাহারো মনে তৈরি হয় এক অকৃত্রিম ভালবাসা। নীল আকাশ, সাদা মেঘ, কাশবন, স্বচ্ছ নদীর শান্ত জল আর নদীর পাড় ধরে অবিরাম দুলতে থাকে কাশের দোদুল্যমান বিচিত্রতাই প্রতিটা মানুষের হৃদয়ে সোনাঝরা স্নিগ্ধতা ছড়ায়। চিলেরা ডানা মেলে অলস ভঙ্গিতে উড়ে বেড়ায় অনেক উঁচুতে। বাতাস যখন একটু থমকে দাঁড়ায়, কাশবন তখন নিথর, শান্ত হয়ে প্রকৃতির ধ্যানমগ্ন রূপ ধারণ করে। সবুজ কাণ্ড আর পাতার ওপরে শুভ্রতার এই আধিক্য চোখকে এক পরম শান্তি দেয়। এই রূপের কোনো সীমানা নেই, কোনো কৃত্রিম প্রাচীর একে আটকে রাখতে পারে না। নাগরিক কোলাহল থেকে দূরে কোনো প্রত্যন্ত নদীর বাঁকে কিংবা শহরের এক চিলতে ফাঁকা জমিতে- যেখানেই একটু মাটি আর হাওয়া পায়, সেখানেই কাশফুল তার শুভ্রতার পতাকা উড়িয়ে দেয়। এটি যেন প্রকৃতির এক সার্বজনীন আশীর্বাদ, যা ধনী-দরিদ্র, চেনা-অচেনা সব ভেদাভেদ ভুলে সবার মনে এক অনাবিল আনন্দের সঞ্চার করে।

বিকেলে শরতের রূপ যেন অধরা ও আরো বেশি মোহময়ী। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের আলো ও তার সোনালী আভা কাশের সাদা শুভ্র রেশমীর ওপর এসে পড়ে তখন শ্বেতশুভ্র কাশবন এক  তপ্ত কাঞ্চন বরণ রূপ ধারণ করে। প্রতিটি কাশের ডগা যেন সোনার আলোয় স্নান করে চকচক করে ওঠে। বাতাস যখন  কিছুটা বেগবান হয়। সেই বাতাসে কাশের ঢেউ তোলা দৃশ্য দেখে মনে হয়, যেন কোনো এক অদৃশ্য নর্তকী তার শ্বেতশুভ্র আঁচল উড়িয়ে মাঠময় নৃত্য করে বেড়াচ্ছে। ডাহুক আর বুনো হাঁসেরা নদীর জল ছেড়ে তীরে ফিরে আসে, তাদের ডানার বাতাসেও যেন শরতের এই গন্ধ মিশে থাকে। সন্ধ্যা নামার আগ মুহূর্তটি এক পরম নীরবতার। আকাশ তখন তার নীল রঙ বদলে ফেলে ধারণ করে লাল, কমলা আর বেগুনী রঙের এক অপূর্ব মিশ্রণ। সেই রঙিন ক্যানভাসের নিচে কাশের বন এক অপরূপ সিলুয়েট বা ছায়াময় রূপ তৈরি করে। আলো-আঁধারির সেই সন্ধিক্ষণে বাতাস কিছুটা ঠাণ্ডা হয়ে আসে। ঝিঁঝিঁ পোকারা তাদের সুর বাঁধতে শুরু করে। সারাদিনের ক্লান্তি শেষে প্রকৃতি যখন ঘুমের কোলে ঢলে পড়ার প্রস্তুতি নেয়, তখনো কাশফুলের দল অন্ধকারের মধ্যেও তাদের শুভ্রতার এক আবছা আলো ছড়িয়ে রাখে। তারা যেন রাতের আকাশকে পাহারা দেয়, আর পরদিনের এক নতুন, সুন্দর ভোরের অপেক্ষা করে। শরতের এই সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, এর মধ্যে রয়েছে এক গভীর জীবনদর্শন। বর্ষার পঙ্কিলতা আর জড়তাকে ধুয়েমুছে সাফ করে প্রকৃতি যেভাবে নিজেকে নতুন করে সাজিয়ে তোলে, তা মলিনতা কাটিয়ে ওঠার এক মহান বার্তা দেয়। আর কাশফুল হলো সেই বার্তার সবচেয়ে বড় প্রতীক। অতি সাধারণ এক ঘাসজাতীয় উদ্ভিদ থেকে জন্মেও সে যেভাবে তার শুভ্রতা দিয়ে পুরো পৃথিবীকে মোহিত করে, তা সত্যিই বিস্ময়কর। তার কোনো জাঁকজমক নেই, কোনো উগ্র সুবাস নেই, তবুও তার ডানা মেলার মধ্যে রয়েছে এক পরম স্বাধীনতা ও পবিত্রতা।

শরৎ আর কাশফুলের এই মেলবন্ধন আর মেলামেশা চিরন্তন। বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই রূপ অপরিবর্তিতভাবেই ধরা দেয়।  ঋতুচক্রের আবর্তনে প্রতিবারই আকাশ তার নীল শাড়ি পরে আর কাশফুল তার সাদা চামর দোলায়, তখনই পৃথিবীর বুকে এক প্রশান্তির হাওয়া বয়ে যায়। এই গল্প কোনো নির্দিষ্ট সময়ের নয়, কোনো নির্দিষ্ট মানুষের নয়; এ হলো প্রকৃতির নিজস্ব স্পন্দনের গল্প, যা প্রতি বছর ফিরে ফিরে আসে এবং সমস্ত জীবজগৎকে এক অনির্বচনীয় আনন্দের সাগরে ভাসিয়ে দিয়ে যায়। শুভ্রতার এই উৎসব চিরকালই মানুষের মনকে পবিত্র ও শান্ত রাখার এক অমলীন উৎস হয়ে টিকে থাকবে।

মোঃ আবু হানিফ 
২১ শে ভাদ্র ১৪৩৩

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login