Story

মায়া- বড়ই এক অদ্ভুত জিনিস!

July 31, 2026

Original Author মোঃ আবু হানিফ

412 views

মায়া—বড়ই এক অদ্ভুত জিনিস! পারি না ভুলে থাকতে, দেয় না ভুলে যেতে। মানুষের স্বভাবজাত প্রতিক্রিয়ায় হয়তো সবসময়ই মানুষ ভাবে সময় সবকিছু মুছে দেয়। অথচ সময়ের আবর্তনে হৃদয়স্পন্দে গভীর ক্ষতে লিখা থাকে কিছু নাম, কিছু মুখ, কিছু অনুভূতি। ক্যালেন্ডারের পাতা ঝরে পড়ে, ঋতু বদলায়, জীবনের পথও বাঁক নেয়; কিন্তু মায়া তার নিজের ঠিকানা বদলায় না। সে নিঃশব্দে হৃদয়ের এক কোণে বসে থাকে, কখনো দীর্ঘশ্বাস হয়ে, কখনো হাসির আড়ালে লুকানো বুকচাঁপা একরাশ অশ্রু হয়ে। মায়ার কোনো ভাষা নেই, তবু সে সবচেয়ে স্পষ্ট ভাষায় কথা বলে। তার কোনো রং নেই, অথচ পৃথিবীর সব রঙের চেয়েও গাঢ়। তাকে ছুঁয়ে দেখা যায় না, কিন্তু তার স্পর্শে সবচেয়ে কঠিন হৃদয়ও একদিন নরম হয়ে যায়। সে এমন এক অদৃশ্য বন্ধন, যা ছিঁড়ে ফেলতে চাইলেও ছিঁড়ে না; দূরে সরিয়ে রাখতে চাইলেও রাখা যায় না।  কেমন যেন মায়াবী লতার মতো আরও গভীরভাবে জড়িয়ে ধরে।

জীবন চলার পথে কত বিচিত্র মানুষের সাথে বসবাস! কেউ আসে পথিক হয়ে, কেউ আসে আপন হয়ে, আবার কেউ না বলেই একদিন চলে যায়। আশ্চর্য হলেও সত্য, চলে যাওয়াটাই শেষ যাওয়া নয়। মানুষ চলে যায়, কিন্তু রেখে যায় মায়া খালি ঘর যেমন পুরোনো হাসির প্রতিধ্বনি ধরে রাখে, তেমনি হৃদয়ও ধরে রাখে কিছু অদৃশ্য উপস্থিতি। চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি নিঃশ্বাসে, কত আপন ছিল তার অনুভবতা। তাইতো মানুষ মরেও অমর।

কখনো কোনো স্পর্শ বা সম্পর্ক হঠাৎ অতীতের দরজা খুলে দেয়। কখনো একটি গান, একটি বিকেল, বৃষ্টিভেজা জানালা কিংবা শরতের সাদা মেঘ মনে করিয়ে দেয় এমন কিছু, যা ভুলে যাওয়ার জন্যই একদিন হাজার চেষ্টা করা হয়েছিল। তখন বোঝা যায়, স্মৃতি নয়, আসলে মায়াই মানুষকে বারবার ফিরিয়ে নিয়ে যায় সেই পুরোনো পথের মোড়ে। মানুষ প্রায়ই বলে, "ভুলে যাও।" কিন্তু মায়া কি আদৌ ভুলতে দেয়? ভুলে যাওয়া যায় কোনো ঘটনার তারিখ, কোনো ঠিকানা, কোনো হিসাব; কিন্তু যে অনুভূতি একদিন আত্মার গভীরে জায়গা করে নিয়েছিল, তাকে কীভাবে মুছে ফেলা যায়? হৃদয় তো কাগজের নয় যে, ইচ্ছেমতো লেখা মুছে নতুন কিছু লেখা যাবে। মায়া কখনো প্রতিদান চায় না। সে কেবল থাকতে জানে, ভাবতে জানে  নীরব-নিভৃত্যে ও নিঃশব্দে। কখনো অপেক্ষার প্রহর, কখনো প্রার্থনা, কখনো অকারণ চোখের জলে ভেসে। তাই তো গভীর রাতের নীরবতায় মানুষ নিজের অজান্তেই এমন কাউকে মনে করে, যার কথা দিনের ব্যস্ততায় একবারও মনে পড়েনি। কারণ মায়া ঘুমায় না; সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে।

জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর পাশে যেমন থাকে মায়া,  তেমনি সবচেয়ে বড় হারানোর পেছনেও থাকে তারই ছায়া। যার প্রতি কোনো অনুভূতি নেই, তাকে হারিয়ে মানুষ কাঁদে না। যে চলে গেলে বুকের ভেতর শূন্যতা জন্ম নেয়, সেই শূন্যতার নামই তো মায়া। সে প্রমাণ করে দেয়—ভালোবাসা শুধু কাছে থাকার নয়; অনেক সময় দূরে থেকেও কারও অস্তিত্ব হৃদয়ের সবচেয়ে কাছের জায়গাটুকু দখল করে রাখে। পৃথিবী ও তার রং খুব দ্রুতই বদলায়।  সম্পর্কগুলোও যেন ব্যস্ততার ভিড়ে ছোট হয়ে এসেছে। মানুষের হাতে সময় আছে অফুরন্ত কিন্তু কেমন যেন তাদের আন্তরিক অনুভূতির প্রকাশ ক্রমেই স্হিত হয়ে যাচ্ছে বিস্ময়করভাবে। পৃথিবী এখনো টিকে আছে এই মায়ার অনুভবেই। মা সন্তানের জন্য অপেক্ষা করেন মায়ায়, সন্তান বৃদ্ধ বাবা-মায়ের হাত ধরে রাখে মায়ায়, বন্ধু বন্ধুর খবর নেয় মায়ায়, অচেনা কেউ বিপদে এগিয়ে আসে মায়ায়। এই পৃথিবীকে এখনো বাসযোগ্য করে রেখেছে অস্ত্রের শক্তিতে নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকা সেই কোমল অনুভূতিটুকু মায়ায়।

মায়া মানুষকে দুর্বল করে, আবার সবচেয়ে শক্তিশালীও করে। কারও জন্য অপেক্ষা করতে শেখায়, ক্ষমা করতে শেখায়, ফিরে আসার দরজা খোলা রাখতে শেখায়। যে হৃদয়ে মায়া নেই, সেখানে হয়তো অহংকার থাকতে পারে, সাফল্য থাকতে পারে, কিন্তু উষ্ণতা থাকতে পারে না। কারণ পাথর কখনো ব্যথা পায় না, আবার ভালোবাসতেও জানে না। একটা সময় জীবনের শেষ বিকেলও নেমে আসবে। চারপাশের কোলাহল থেমে যাবে। পরিচয়, পদমর্যাদা, সম্পদ—সব একে একে দূরে সরে যাবে। তখন হয়তো মানুষ হিসাব করবে না, কি ছিল তার অর্জন; বরং মনে করবে, কাদের জন্য বুক কেঁপেছিল, কারা তার জন্য একফোঁটা চোখের জল ফেলেছিল, আর কোন কোন অদৃশ্য বন্ধন তাকে মানুষ হিসেবে বাঁচিয়ে রেখেছিল? বিমোহিত করেছিল কারও ছোঁয়া? সকল অর্জনেই কেমন যেন আজ ব্যর্থতার গ্লানিতে মলিন; অথচ থেকে যায় শুধু কিছু মায়া, কিছু স্মৃতি, আর কিছু অসমাপ্ত অনুভূতি। মায়ার অনুভূতি না থাকলে মানুষ হয়তো বেঁচে থাকত, কিন্তু মানুষ হয়ে বাঁচতে পারত না। কান্নারও যেমন এক ধরনের সৌন্দর্য আছে, তেমনি হারিয়ে ফেলেও মনে রাখার মধ্যেও আছে এক অপার্থিব পবিত্রতা।

হয়তো এ কারণেই মায়া বড়ই অদ্ভুত। সে ভাঙে না, ফুরায় না, শেষও হয় না। সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ বদলায়, কিন্তু অস্তিত্ব নয়। সে কখনো দীর্ঘশ্বাস হয়ে বেঁচে থাকে, কখনো নীরব প্রার্থনা হয়ে, কখনো অকারণ একফোঁটা অশ্রু হয়ে। আর তাই আজও হৃদয় নিঃশব্দে স্বীকার করে—

মায়া- বড়ই এক অদ্ভুত জিনিস!  পারি না ভুলে থাকতে, দেয় না ভূলে যেতে।।

মোঃ আবু হানিফ

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Ayub Ansari 1 month ago

    Beautiful writing, simply extraordinary.