Poetry

গোপন কথার হাঁড়ি ভেঙে গেলে হাটে

August 11, 2026

41
View

নিবন্ধনহীন ঘোড়ার সোয়ারি হয়ে 

সীমানার মধ্যকার সড়ক ও গলিপথ অতিক্রম শেষে

পৌঁছে গেছি নির্জনতর উপত্যকায়—

যেখানে, যদি কেউ হেঁটে যায় একা,

বুঝবে না— দিন নাকি রাত, সরেজমিনে এমন

গোপন অঙ্গন দেখে পুঁতে রাখি শপথের নথি।


 

গর্তে জমা জলে ধুয়ে নিয়ে পায়ের কাদা

ফিরতে উদ্যত হলে, সন্দেহ জাগায় নির্বাক বনস্থলী—

যদি কথা বলা শিখে যায়

শিরায় শিরায় গুপ্তচর চড়ানো পাতারা;

গোপন কথার হাঁড়ি ভেঙে গেলে হাটে

ভেস্তে যাবে সব আয়োজন।

২১.০৫.২০২৬

Comments

    Please login to post comment. Login