একটা মন খারাপের ঘোর ঘিরে ধরেছে,
সমস্ত ভালোলাগাকে গিলে নিচ্ছে ধীরে ধীরে,
যেমন পাইথন গিলে নেয় হরিণশাবককে।
আগামীর স্বপ্নকে ঘিরে ধরছে-
মন খারাপের পাইথন।
ধুলোর আস্তরণ পড়েছে ঝা চকচকে কাচের গ্লাসে।
না চাইতেই পাওয়ার স্বাদ বিস্বাদে রূপ নিয়েছে,
পাওয়ার আগেই পাওয়ার স্বাদ গিলে নিয়েছে।
কিচ্ছু ভালো না লাগার কাল চলছে।
শৈশব থেকে শৈশব ছুটে পালিয়েছে,
আটকে গেছে হাতের মুঠোর দানবে।
নিউরনে নিউরনে নতুন স্বাদের বার্তা ছোটে,
এত নতুন আসবে কোথা হতে?
নতুন ছুটে পালায় এমন গতিতে,
নতুন জন্মের সময় নেই।
মন খারাপের ঘোর লেগেছে দারুণভাবে,
কিচ্ছু ভালো না লাগা ধেয়ে আসছে হরকা বানের মতো।
নিজের সাথে নিজের দ্বন্দ্ব—
মহাধ্বংসের আহ্বান।
মনের গতি বাইরের গতিকে হারিয়ে দিয়েছে।
দূরের স্বপ্ন হারিয়ে গেল এই তো ক্ষণিক পূর্বে।
কিচ্ছু নাই, সর্বত্র মন খারাপের ঘোর।
মন যেন কেবল মন খারাপের বাড়ি।