Poetry

প্রত্যাখ্যান

September 16, 2026

HM Sahin

5
View

প্রত্যাখ্যান

এইচ. এম শাহিন

একদিন একটা বিড়ালের কাছে

হাত বাড়িয়ে বললাম—

—আমার বন্ধু হবে?

বিড়ালটা একটু দূরে সরে গিয়ে বলল—

—না।

আমরা ছন্নছাড়া বলে

তোমরা খাবার না দিয়েই তাড়িয়ে দাও।

তোমাদের আমরা বন্ধু বানাবো না।

মনটা ভার করে

বিড়ালের কাছ থেকে চলে গেলাম

একটা পাখির কাছে।

গিয়ে বললাম—

—পাখি, তুমি আমার বন্ধু হবে?

সেও বলল বিড়ালের সুরে—

—তোমরা তো আমাদের ধ্বংসই করে ফেলেছো,

তোমাদের বন্ধু হবো কেন?

পাখির কাছ থেকেও বিতাড়িত হয়ে

ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা

একটা গাছকে বললাম—

—তুমি তো নিশ্চয়ই আমার বন্ধু হবে!

গাছটা নীরবে দাঁড়িয়ে থেকে বলল—

—তোমরা বন্ধু হওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছো।

নিজেদের ভোগবিলাসের জন্য

পরিবেশটাকে এমন করে তুলেছো

যে আমাদের বেঁচে থাকাই দায়।

তোমাদের কী করে বন্ধু বানাবো?

অতঃপর আকাশের দিকে তাকিয়ে ভাবলাম—

সত্যিই কি আমরা

এতটা জঘন্য হয়ে গেছি?

সত্যিই কি আমরা

প্রকৃতির বন্ধু হওয়ার যোগ্যতা

হারিয়ে ফেলেছি?

নাকি প্রকৃতিই

আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?

আমি এর উত্তর

আর পেলাম না।

Comments

    Please login to post comment. Login