ক্যামেরার ফ্ল্যাশের সমান্তরালে
লাল রং ফিনকি ছুটিয়ে গড়িয়ে পড়ে।
কত ছবি হারিয়ে গেছে,
কত রং ধূসর মাটির বুকে চাপা পড়ে গেছে।
কথার ফুলঝুরি থামেনি,
ক্যামেরার ফ্ল্যাশের সাথে পাল্লা দিয়েছে,
কখনো দ্বিগুণ হয়েছে।
নিরীক্ষা করা কামানের মতোই
তাক করা ক্যামেরা,
দূর হতে কালো ধোঁয়ার কুণ্ডলির অপেক্ষায়।
শব্দরা নিঃশব্দে চেপে যায়,
শ্রবণযন্ত্রে হেডফোন মোহনীয় সুর তুলে চলে,
বন্ধ করে চোখের সাথে
বিবেকের স্বয়ংক্রিয়তাকে।
সাইরেন বাজে,
কিছু ত্রাণের বহর,
ক্যামেরার ফ্ল্যাশের ক্লিক ক্লিক শব্দরা
হারিয়ে দেয় বোমার তীব্রতাকে।
পুরস্কারে হাত ভারী,
পকেট ভারী,
কথামালায় গলা অবধি
ফুলেল শুভেচ্ছার সারথি।
ক্যামেরা প্রস্তুত,
প্রস্তুত কামানের গোলাও।