News

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বই প্রকাশ করবেন চার্লস স্পেন্সার

August 20, 2026

102 views
Featured Image

প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে নিয়ে নতুন একটি বই লিখেছেন তার ছোট ভাই চার্লস স্পেন্সার। এই বইয়ে ওয়েলসের রাজকুমারী ডায়ানার গল্প তুলে ধরেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।     

‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ শিরোনামের এই স্মারকগ্রন্থটি আগামী ২২ সেপ্টেম্বর প্রকাশিত হবে। ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি উপলক্ষে ভাইয়ের দৃষ্টিকোণ থেকে তার জীবনের সত্য এই বইয়ে তুলে ধরা হবে। এতে থাকবে শৈশব থেকে শুরু করে ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর আগের সময় পর্যন্ত নানা স্মৃতি ও অভিজ্ঞতা। 

বইটি প্রকাশ করবে পেঙ্গুইন প্রেস। প্রকাশনা সংস্থাটি বইটিকে প্রিন্সেস ডায়ানার এখন পর্যন্ত সবচেয়ে অন্তরঙ্গ, স্নেহপূর্ণ ও সৎ প্রতিকৃতি হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমেই আর্ল স্পেন্সার প্রথমবারের মতো তার বোন সম্পর্কে খোলামেলা ও বিস্তারিতভাবে কথা বলেছেন।  এটি ১২টি ভাষায় অনূদিত হবে বলে আশা করা হচ্ছে।  

এদিকে চার্লস স্পেন্সার দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'ডায়ানার মর্মান্তিক মৃত্যুর ৩০ বছর পূর্তি ঘনিয়ে আসছে। আর এ সময়ে আমার বোনের বিষয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য আবারও আমার কাছে অসংখ্য অনুরোধ আসছে। তাকে নিয়ে প্রচলিত অনেক ধারণাই ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সত্য বলে মেনে নিয়েছে। সেসব পড়ে অস্বস্তিতে ভোগার চেয়ে বরং নিজের ভাবনা ও স্মৃতিগুলো একবারে লিখে ফেলার সিদ্ধান্তই আমি নিয়েছি।'   

১৯৮১ সালে প্রিন্স অব ওয়েলস চার্লসের (যিনি বর্তমানে রাজা তৃতীয় চার্লস) সঙ্গে বিয়ের মধ্য দিয়ে ডায়ানা বিশ্বজুড়ে মানুষের মনোযোগ ও ভালোবাসা জয় করে নিয়েছিলেন। এইচআইভি ও এইডসে আক্রান্ত মানুষদের পক্ষে তার নানাবিধ কার্যক্রমের জন্য তিনি পরিচিত ছিলেন। ১৯৮৭ সালে লন্ডনের একটি হাসপাতালে এইডসে আক্রান্ত এক রোগীর সঙ্গে করমর্দন করে তিনি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।  

১৯৯৬ সালে চার্লসের সাথে ডায়ানার বিবাহবিচ্ছেদ ঘটে। এর পরের বছর ফ্রান্সে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ওই দুর্ঘটনায় তার সঙ্গী দোদি ফায়েদ এবং তাদের গাড়িচালক অঁরি পলও নিহত হন। টেলিভিশনে সম্প্রচারিত তার শেষকৃত্যের অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি মানুষ দেখেছিলেন।       

উল্লেখ্য, চার্লস স্পেন্সার একজন সাংবাদিক, যিনি ১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এনবিসি নিউজে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এর একজন কলামিস্ট। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে রয়েছে ‘দ্য স্পেন্সারস: আ পার্সোনাল হিস্ট্রি অব অ্যান ইংলিশ ফ্যামিলি’, ‘কিলারস অব দ্য কিং: দ্য মেন হু ডেয়ার্ড টু এক্সিকিউট চার্লস ফার্স্ট’ এবং ‘আ ভেরি প্রাইভেট স্কুল: আ মেমোয়ার’। 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login