আমাজনের প্রাইম ভিডিও তাদের বহুল প্রতীক্ষিত রোমান্টিক-কমেডি সিনেমা ‘দ্য লাভ হাইপোথিসিস’ এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছে। ইতালীয় উপন্যাসিক আলি হ্যাজেলউডের বেস্টসেলিং উপন্যাস ‘দ্য লাভ হাইপোথিসিস’ অবলম্বনে বানানো সিনেমাটির ট্রেলার ও কাস্টিং নিয়ে পাঠকদের মাঝে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।
২০২১ সালে প্রকাশনা সংস্থা বার্কলি থেকে প্রকাশিত হ্যাজেলউডের এই রোমান্টিক উপন্যাসটি অলিভ স্মিথ নামের জীববিজ্ঞানের স্নাতক পর্যায়ের এক শিক্ষার্থীর গল্প নিয়ে রচিত। সে অ্যাডাম কার্লসেন নামের এক অধ্যাপকের সাথে প্রেমের ভান করে, যাতে তার ঘনিষ্ঠ বান্ধবী তার (অলিভের) প্রাক্তন প্রেমিকের সাথে নিশ্চিন্তে প্রেম করতে পারে।
'দ্য লাভ হাইপোথিসিস' সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সারাহ রথশিল্ড এবং এটি পরিচালনা করেছেন ক্লেয়ার স্ক্যানলন। এতে অলিভ চরিত্রে অভিনয় করেছেন লিলি রেইনহার্ট এবং অ্যাডাম চরিত্রে দেখা যাবে টম বেটম্যানকে। অন্যান্য কুশীলবদের মধ্যে রয়েছেন র্যাচেল মার্শ, জাবুকি ইয়াং-হোয়াইট এবং নিকোলাস ডুভার্নে। আগামী ২৩ সেপ্টেম্বর আমাজন প্রাইম ভিডিওতে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ৩৬ বছর বয়সী আলি হ্যাজেলউডের প্রথম উপন্যাস ‘দ্য লাভ হাইপোথিসিস'। ২০২১ সালে প্রকাশিত এই বইটি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকার শীর্ষে ছিল। এছাড়া গত জুন মাসে আমাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করেছে যে, তারা হ্যাজেলউডের ‘লাভ, থিওরেটিক্যালি’ উপন্যাস অবলম্বনে একটি সিনেমা তৈরি করবে। এটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকবেন সোফিয়া আলভারেজ এবং 'ইট এন্ডস উইথ আস' উপন্যাসের লেখক কলিন হুভার এটি প্রযোজনা করছেন।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার