হাঙ্গেরির খ্যাতনামা লেখক, নাট্যকার এবং প্রাবন্ধিক পিটার নাদাস ৮৩ বছর বয়সে মারা গেছেন। নোবেল পুরস্কারের সম্ভাব্য দাবিদার হিসেবে প্রায় সময় আলোচিত এই লেখক ২৬ আগস্ট সকালে হাঙ্গেরির গোমবোসজেগে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কোসুথ ও আত্তিলা ইয়োজেফ পুরস্কার বিজয়ী এই লেখক, নাট্যকার ও প্রাবন্ধিক সমসাময়িক হাঙ্গেরীয় ও ইউরোপীয় গদ্যসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। পরাবাস্তববাদী ও জটিল সব উপন্যাস, গল্প এবং নাটকের জন্য পরিচিত নাদাস ১৯৪২ সালে বুদাপেস্টে জন্মগ্রহণ করেন এবং ১৬ বছর বয়সে মা-বাবা হারান। ক্যারিয়ার হিসেবে কথাসাহিত্যকে বেছে নেওয়ার আগে তিনি বুদাপেস্টের একটি ম্যাগাজিনে কাজ করতেন।
১৯৬৭ সালে ‘দ্য বাইবেল’ নামক নভেলার মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তিনি। এর দুই বছর পর প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘দ্য কি-ফাইন্ডিং গেম’। ১৯৭৭ সালে তার প্রথম উপন্যাস ‘দ্য এন্ড অব আ ফ্যামিলি স্টোরি’ প্রকাশিত হয়। ১৯৮৬ সালে তিনি তার সর্বাধিক পরিচিত উপন্যাস ‘আ বুক অব মেমোরিজ’ প্রকাশ করেন। পূর্ব বার্লিনে বসবাসরত এক হাঙ্গেরীয় লেখকের কাহিনি নিয়ে এই উপন্যাসটি রচিত হয়েছিল।
মার্কিন বই পর্যালোচনা বিষয়ক সাময়িকী কিরকাস রিভিউজ ‘আ বুক অব মেমোরিজ’ কে সমসাময়িক ইউরোপীয় উপন্যাসগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি উপন্যাস হিসেবে উল্লেখ করেছে। এটি ইংরেজিতে অনুবাদ করেন ইভান স্যান্ডার্স ও ইমরে গোল্ডস্টেইন এবং ১৯৯৭ সালে এটি যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়।
নাদাসের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ‘ফায়ার অ্যান্ড নলেজ’ ও ‘প্যারালাল স্টোরিজ’। তার বেশিরভাগ বই ইংরেজিতে অনুবাদ করেছেন ইমরে গোল্ডস্টেইন। তার দুই খণ্ডের স্মৃতিকথা ‘শিমারিং ডিটেইলস’ অনুবাদ করেন জুডিথ সলোসি।