Poetry

রাত জাগলে আমার খিদে পায়

August 31, 2026

87 views

আমার রান্নাঘরে একটি ইদুর আছে।
একদিন ওর সাথে দেখা- রাত তিনটায়;
আমি রান্নাঘরে গিয়েছিলাম কিছু খাবারের আশায়।
রাত জাগলে আমার আবার ভীষন খিদে পায়!
বাতি জ্বালতেই রান্নাঘর থেকে ছিটকে বেরোয় ও,
পড়িমরি করে দৌড়ে পালায়।

সে রাতে দুজনই সন্ত্রস্ত ছিলাম।
ইদুরটি আমার পায়ের ওপর দিয়ে দৌড়ে পালালো ফ্রিজের নিচে;
আমিও একছুটে শোবার ঘর অব্দি।
ভাবলাম, এবারে কি করা যায়?
ঘুমন্ত বেড়ালটাকে জাগিয়ে লেলিয়ে দেব নাকি ওটার পিছে?
ভাবতে ভাবতেই মনে পড়লো-
আমি ভীষন ক্ষুধার্ত- ইদুরটির মতন।
রাত জাগলে নিশ্চয়ই ইদুরটিরও খিদে পায়।

তারপর থেকে আমাদের দেখা হয় রোজ-
রাত তিনটায়,
আমি আলো জ্বালি, ইদুরটা দৌড়ে পালায়।

তারপর একদিন বেড়ালটাও রাত জাগা শুরু করে।
রান্নাঘরে বাতি জ্বালতেই ইদুরটা দৌড়ে পালায়,
আর বেড়ালটা সজোরে লাফিয়ে পড়ে ওর ঘাড়ে।
হতভম্ব হয়ে বাধা দিতে গিয়ে মনে পড়ে-
আমি ভীষন ক্ষুধার্ত, বেড়ালটির মতন।
রাত জাগলে নিশ্চয়ই বেড়ালটিরও খিদে পায়।

Picked up where you left off

Comments