সঙ্গমে সাধ নেই, আলিঙ্গন চাই।
উষ্ণতা চাই, কুণ্ডলী পাকানো পন্নগের মতো কাতর আমি,
উষ্ণতা চাই এবার।
একটিমাত্র আলিঙ্গনে কাটিয়ে দিতে চাই
ভালোবাসাহীন অনাগত শীতকাল।
আমার রক্ত শীতল হয়ে আসছে। আরেকটু বেশি
সরীসৃপে বদলে যাচ্ছি প্রতিদিন। কাফকার মতন সন্ত্রস্ত,
ঘুম ভাঙ্গতেই মুখে-পিঠে হাত বুলাই
শক্ত আঁশ গজিয়ে ওঠবার ভয়ে।
ঠান্ডা খুন গা'য়, নির্লিপ্ত,
যেনো কিছুতেই কিছু আসে-যায় না আমার। যেনো জানি,
এই বরফকাল আমি কাটিয়ে দিতে পারি এক দীর্ঘ শীতঘুমে।
তাই সঙ্গমে সাধ নেই, আলিঙ্গন চাই এবার।
উষ্ণতা চাই নারী।