বেশিরভাগ লেখক যেখানে বই লেখাকে 'সন্তান জন্মদানের' সাথে তুলনা করেন, সেখানে আলি স্মিথের কাছে এটি একটি ঘোড়াকে নিয়ন্ত্রণ করার মতো একটি বিষয় বলে মনে হয়েছে। সম্প্রতি 'বুকএন্ডস উইথ ম্যাটিয়া রোচ' পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে স্কটিশ এই লেখক উপন্যাস লেখাকে ঘোড়ায় চড়ার সাথেই তুলনা করেছেন।
স্মিথ বলেন, ঘোড়া যখন নিজের পথে চলতে চায়, তখন সওয়ারি যেভাবে তাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে—লেখক এবং গল্পের মধ্যকার সম্পর্কটাও ঠিক তেমনই মনস্তাত্ত্বিক টানাপোড়েনের।
৬৪ বছর বয়সী স্মিথের মতে, লেখার সময় লেখকের মধ্যে এমন একটি শক্তি বা সত্তা থাকে যা লেখকের চেয়ে অনেক অনেক বড় এবং এই শক্তিকে কাজে লাগাতে পারাটাই একটা সৌভাগ্য। ঘোড়ায় চড়ার মতো গল্প লেখার ক্ষেত্রেও যদি সঠিক ছন্দ ধরা যায়, তবেই কাজটি সফলভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়।
স্মিথের সর্বশেষ উপন্যাস 'গ্লিফ' এর কেন্দ্রবিন্দুতেও রয়েছে একটি ঘোড়া। এই উপন্যাসে দীর্ঘকাল বিচ্ছিন্ন দুই বোন পুনরায় একত্রিত হয়, তাদের শৈশবের একটি গল্পের মূল চরিত্র ছিল প্রথম বিশ্বযুদ্ধে দৃষ্টিশক্তি হারানো একটি ঘোড়া।
‘বুকএন্ডস উইথ ম্যাটিয়া রোচ’ পডকাস্টে স্মিথ ঘোড়ার সাথে নিজের সংযোগ, শব্দের শক্তি ও বিস্ময় এবং তরুণদের দৃষ্টিকোণ থেকে গল্প বলার আকর্ষণের বিষয়ে আলোচনা করেন।
সূত্র: সিবিসি