Poetry

উৎসুক জনতা

September 2, 2026

72 views

লোকমুখে রটনা
বিরাট এক ঘটনা
ঘটিয়াছে কালকে
ছড়ায়েছে বায়ুবেগে
তিল করে তালকে
বাজারের যত লোকে
পাড়ার গলির মুখে
এবং চায়ের ঠেকে
চিল নিলো কানকে।

কার কান? নিলো কে?
অতোশতো শোনে কে?
ওপাড়ার ধীরেনের
নাক নাই, কান নাই
মান নাই, জান নাই।
সে বেচারা মরে গেলো
গত শীতে, আহারে-
গুদামে আগুন লেগে।
মালিকের আহা-উহু,
যারা যারা পুড়ে মলো
সবাইকে টাকা দিলো
গুনে গুনে আটশো।
ধীরেনও পুড়ে ম'লো
বউ তার টাকা পেলো
এতো ভারি অন্যায়।

তবে ও'র কানখানা
ছেঁড়া ক্যানো? কে নিলো?
চিল ছাড়া কানখানা
আর বলি নেবে কে?
ধীরেনের কথা ভেবে
উৎসুক জনতা
একচোট কেঁদে নেয়।
বড়ো ভালো লোক ছিলো।
চিল তার কান নিলো?
এতো ভারী অন্যায়!
চিল মেরে কানখানা
উদ্ধার যদি হয়
ধীরেনের গোর খুড়ে
কানটি সেঁলাই করে
ফের তারে দেবে চাপা-
পাড়ার সকল লোকে,
মরিছে কানের শোকে।

হায় হায় ওঠে রব
দুদ্দাড় ছোটে সব
চিল মেরে নেবে শোধ
পেট চিরে কানখানা
করবেই উদ্ধার।
নিচে চেয়ে চিল ভাবে-
এ আবার কি আপদ
পড়িলো পিছেতে তার।
নয় সে তো তস্কর।
তবু এত লোক-লস্কর?
কিছু না শুনিতে চায়
মিছে কেনো দাবড়ায়?
চিল ছিলো বাহারে
প্রত্যহ আহারে
ইঁদুর ধরিয়া খায়।
আহার সারিয়া শেষে
নদীটির ধারে এসে
অশ্বত্থ ডালে বসে
চৈতালী ভজন গায়।
চিল মরে মহাত্রাসে
না জানি কাহার ইঁদুর
খেয়েছে সে ভুলবশে।
সাধের এ প্রাণখানা
এবারেতে বুঝি যায়।

চিলমারা হয়ে গেলে
সবলোকে গোল হয়ে
কাটিল চিলের পেট।
পাশ থেকে জ্ঞানী এক
মাথা নেড়ে বলে ওঠে-
"ধীরেন তো হিঁদু ছেলো,
গোর তার হয়নিকো"
উৎসুক জনতা
মরা চিল কাঁধে নিয়ে
হইহই রব তুলে,
শ্মশানে ছুটিয়া যায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login