News

লাক্সনেস প্রাইজ জিতেছেন ওলগা তোকারচুক

September 4, 2026

125 views
Featured Image

‘হালডোর লাক্সনেস ইন্টারন্যাশনাল লিটারারি প্রাইজ’ এর ২০২৬ সালের বিজয়ী হিসেবে পোল্যান্ডের নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুকের নাম ঘোষণা করা হয়েছে। এটি আইসল্যান্ডের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার।  

এই পুরস্কারের অংশ হিসেবে তিনি ১৫ হাজার ইউরো এবং একটি স্মারক পদক পাবেন। আগামী ১০ সেপ্টেম্বর আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকের নর্ডিক হাউসে একটি জমকালো অনুষ্ঠানে দেশটির সংস্কৃতি মন্ত্রী লোগি আইনারসন আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেবেন।   

হালডোর লাক্সনেস প্রাইজের নির্বাচন কমিটির অন্যতম সদস্য এবং বিগত বছরের পুরস্কার বিজয়ী লেখক সালমান রুশদি  বলেছেন, ‘ওলগা তোকারচুক নিঃসন্দেহে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ জীবিত লেখকদের মধ্য একজন। তার কাজের মধ্যে ট্র্যাজেডি, কমেডি, ইতিহাস এবং ব্যঙ্গাত্মক উপাদানের এক অনন্য মিশ্রণ ঘটেছে। আমি অত্যন্ত আনন্দিত যে তিনি লাক্সনেস পুরস্কার জিতেছেন।'        

আন্তর্জাতিকভাবে সমাদৃত লেখকদের গল্প বলার বা আখ্যান শিল্পের অভিনবত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি দুই বছর পর পর এই পুরস্কার দেওয়া হয়। আইসল্যান্ডের বিখ্যাত লেখক হালডোর লাক্সনেসের নামানুসারে এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে। তিনি ১৯৫৫ সালে সাহিত্যে নোবেল প্রাইজ পান।   

উল্লেখ্য, ওলগা তোকারচুক ২০১৮ সালে সাহিত্যে নোবেল প্রাইজ জিতেছিলেন। একই বছর তিনি 'ফ্লাইটস' উপন্যাসের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পান। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন জেনিফার ক্রফট। ‘দ্য বুকস অব জ্যাকব’ উপন্যাসটিকে তার শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচনা করা হয়। ১ হাজার ১০০ পৃষ্ঠার বেশি বিশাল এই বইকে তোকারচুকের ম্যাগনাম ওপাস বা মহান কর্ম বলে উল্লেখ করেছে সুইডিশ একাডেমি।

সূত্র: টিভিপি ওয়ার্ল্ড 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login