Poetry

জুমঘর

September 7, 2026

82 views

জুমক্ষেত পাহাড়া দেয় লুসাই মেয়ে।
একাকী, এই নির্জন রাতে।
মরদ তার শহরে কাজ করে। ফসলের মরশুমে
ঘর আসে দিন পনেরোর জন্য।
মেয়েটি আনমনে ভাবে-
এবার হলুদ বেচে অনেকগুলো টাকা জমাবে।
কত টাকায় অনেক টাকা হয়?
মেয়েটি অংক জানে না।
গতবার সে বোকার মতো কিনে ফেলেছিলো একজোড়া রুপার বালা আর কোমরের বিছা।
সন্তান দুটি তার বেঘোরে ঘুমায়,
চট পেতে, জুমঘরে।
বাতাসে বুনোফুলের ঘ্রাণ, উচ্ছ্বল জোছনায়
ভেসে যায় এই প্রাচীন উপত্যকা।
রক্ত তার নেচে ওঠে কি এক আদিমতায়!
মরদটা তার শহরে।
শহর কতদূরে?
কতোটা জমানো টাকায়
শহরে যাওয়া যায়?

Picked up where you left off

Comments