Poetry

দৃশ্যের সিঁড়ি

September 9, 2026

82 views

দেয়ালে দেয়ালে কালো ক্যানভাস 

চোখের সামনে ঝুলে থাকে বিষণ্ণ, 

পুরোনো চোখ আমার, 

একই ক্যানভাসে খোঁজে- 

নতুন নতুন গল্প ছবি। 

কখনও বন্দি রাজকন্যার 

ঘন কালো চুল পাহাড় বেয়ে পড়ে সমুদ্রে, 

কখনো বা এক লাল রঙয়ের ষাঁড় 

দড়ি ছিঁড়ে পালাতে চায়; 

মৃত আত্মারা ভিড় করে কাঁদে করুণ সুরে; 

পুরোনো ভাঙা সিঁড়িতে বসে 

প্রেমিক প্রেমিকা- আলতো করে ঠোঁট ছোঁয়ায়। 

বাফারিং শুরু হয় তখন 

এটুকুই ছিলো দৃশ্যটা; 

পরের দৃশ্যে 

একটা চোর চলন্ত লোকাল বাস থেকে লাফ দেয়, পেছনে অনেকগুলো কুকুর মানুষের মতো তাড়া করে; এখানেই শেষ, 

নতুন কোন ছবি ভেসে উঠে কালো ক্যানভাসে। 

দৃশ্য বদলায় সমানতালে, 

একটা সিলিংফ্যান ঘড়ঘড় শব্দ করে 

মাথার ভেতর ঘুরতে থাকে, 

ক্যানভাস জুড়ে ভিড় করে 

অন্ধকার, কালো কালো রূপকথা, 

কখনোবা নীল রক্তের দাপট। 

একটার পর একটা পুনঃপুনঃ; 

ছায়াছবি দেখতে দেখতে ক্লান্তি আসে, 

মনে হয় অনেকটা রাত অনেকটা দিন, 

রাস্তার পাশে ভাঙা সাইকেলের মতো পড়ে আছি; 

তুলে দাঁড় করানোর কেউ নেই। 

শেষ দৃশ্যের জন্য অপেক্ষায় থাকি 

প্রতিটা দৃশ্যের শেষেই 'শুরু' থেকে যায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login