হারিয়ে যাওয়া বিকেলের কোণে
আজো দাঁড়িয়ে আছো চুপচাপ;
ঠিক যেমন ছিলে, প্রথম সেই মুহূর্তে।
কথা ছিল না,
কথা হলো না ,
শুধু বুকের ভেতর দুলছিল
অচেনা সাহস;
চোখের পাতায় জমে থাকা আলো
ঠোঁট ছোঁয়ার আগেই সময় হারিয়ে গেলো;
যান্ত্রিক শহরের শব্দগুলো হঠাৎ
নিস্তব্ধ হলো।
একদিন ভালোবেসেছিলাম আমি
নিঃশব্দে, নিরবে, গভীর ভাবে।
সেই চুমু ভালোবেসে অতটুকু
দিলো না প্রতিশ্রুতি,
ছিলো এক পাপে ভরা
শৃঙ্গার স্বীকারোক্তি;
বলা হয়নি আজও,
শুধু স্মৃতির পাতায় লেখা আছে
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহারটি।
একদিন ভালোবেসেছিলাম আমি
নিঃশব্দে, নিরবে, গভীর ভাবে।
হারিয়ে গেছো তুমি
সেই প্রথম স্পর্শ;
প্রথম চুম্বনে রক্তের নোনতা স্বাদ
আজও আমাকে চিনিয়ে দেয়
ভালোবাসা কতো দামী।
একদিন ভালোবেসেছিলাম আমি
নিঃশব্দে, নিরবে, গভীর ভাবে।