মা, তোমাকে আমি কখনো পুরোপুরি পাইনি বুঝলে
যেমন মানুষ তার জন্মের আগের অন্ধকার কে পাইনা
শুধু শরীরের গভীরে একটি অকারণ উষ্ণতা
বয়ে নিয়ে বেড়ায়।
তুমি ছিলে মা আমার প্রথম ভূগোল
কিন্তু আমি মানচিত্র শিখতে শিখতে
তোমার দেশটাকেই ভুলে গেলাম।
আমার নাভির দাগটি এখনও
একটি পরিত্যক্ত সীমান্তের মতো
তার ওপারে তুমি,
এপারে আমার সমস্ত মিথ্যা স্বাধীনতা।
তোমার চোখের নিচে যে কালো দাগ,
ওগুলো আসলে আমার মা,
শৈশবের অপ্রকাশিত ঋণের কিস্তি,
যেগুলো তুমি কোনোদিন আদায় করোনি।
তুমি বুড়িয়ে যাচ্ছ, মা আর আমার বয়স বাড়ছে
এই সমীকরণটি আমি কোনো দর্শন দিয়ে
সমাধান করতে পারি না।
শুধু দেখি, তোমার চুলে সাদা রঙ বাড়ছে
আর আমার ভবিষ্যৎ
অদ্ভুতভাবে আরও অন্ধকার হচ্ছে।
একদিন তুমি থাকবে না।
সেদিন তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে
আমি হয়তো প্রথমবার বুঝব—
আমি কোনোদিন তোমার সন্তান ছিলাম না শুধু;
আমি ছিলাম তোমার শরীর থেকে বেরিয়ে আসা
একটি দীর্ঘ বাক্য,
যার শেষ শব্দটি...
উৎসর্গঃ মা এবং মামুনি কে