একবার হোক
ব্যস্ত থাকো শহরের মতো, যেন প্রতিটি রাস্তা কোনো না কোনো জরুরি গন্তব্যে যায়।
তবু দেখা হোক, একবার হোক।
আমাদের দূরত্বটাকে দুই বিন্দুর সরলরেখা ভেবে
ভুল সমীকরণে
অনুধাবিত কিছু দূরত্বের কোনো ইউক্লিডীয় সমাধান
হয়না।
তুমি তোমার সময়ের সমীকরণে ব্যস্ত, আমি আমার অসমাপ্তির অঙ্কে; তবু কোথাও নিশ্চয়ই দুইটি চলক একই মানে এসে থামে— সেই ক্ষণটুকুই চাই।
ঘড়ির কাঁটা দুটো সারাজীবন পরস্পরকে এড়িয়ে চলে, শুধু বারোটার সময় একটি বিন্দুতে এসে মিলে যায়।
আমরাও কি পারি না?
তোমার ব্যস্ততার পাশে আমার অপেক্ষাটুকু রাখো— কোনো প্রতিশ্রুতি নয়, কোনো দীর্ঘ বিকেল নয়;
শুধু একবার দেখা হোক, যেন বহুদিনের সমীকরণে হঠাৎ একটি অজানা মান নিজের নাম বলে দেয়।
তারপর তুমি চলে যেও— শহর তোমাকে ডাকবে, সময় তোমাকে ভাগ করে নেবে, জীবন আবার তার পুরোনো হিসাব কষবে।
শুধু যাওয়ার আগে একবার চোখে চোখ রেখো—
দেখি, আমাদের অসম্ভবতারও কোনো ক্ষুদ্রতম সাধারণ গুণনীয়ক আছে কি না।