মহাকর্ষের সাথে আপস করা ষাট কিংবা সত্তর কেজির মোড়ক,
বাষ্পীভূত হওয়ার অপেক্ষায় থাকা এক মুঠো অবয়ব।
হাওয়া ব্যবসার স্টক এক্সচেঞ্জে প্রতিদিন কড়ায়-গণ্ডায় বিক্রি হয়
জৈবিকতার বায়োকেমিকাল ডেরিভেটিভস।
রাত বারোটার যান্ত্রিক ঘড়িতে যখন জৈবিকতার সুচ ফোটে,
রাস্তার কোণে কোনো এক অভিমানী কুকুরের ছায়ার মতো
দীর্ঘ হয়ে ঝুলে পড়ে না-ফেরার আকুতি।
হিসাবের কলম যখন ফ্র্যাক্টালের মতো
জটিল থেকে জটিলতর সমীকরণ বোনে,
ঝরে পড়ে শুধু অঙ্কের শুকনো কালি ও নিখুঁত হিসেব।
তবু এই কংক্রিটের মায়াবী খাঁচায় কে মেপে দেখে
কলমের ডগায় কতটা শূন্যতা জমেছে?
আর ওই কোণে শুয়ে থাকা লাল মলাটের খাতাটি
যেখানে চূর্ণ-বিচূর্ণ স্মৃতির মহাবিশ্ব গিলে খাচ্ছে
যুগের পর যুগ জমে থাকা ধুলোর নিরবতা।