News

২০২৭ সালে আসছে আর্নল্ড শোয়ার্জনেগারের নতুন বই

September 27, 2026

4 views
Featured Image

টার্মিনেটর তারকা আর্নল্ড শোয়ার্জনেগার নতুন একটি বই লিখছেন। 'পিপল' ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর প্রকাশিতব্য এই বইয়ে কীভাবে সফল জীবন গড়ে তোলা যায়, সে বিষয়ে পাঠকদের কাছে তার পরামর্শ তুলে ধরবেন এ হলিউড তারকা।

‘বেটার এভরি ডে: অ্যান অ্যাকশন প্ল্যান ফর আ ফুল লাইফ’ নামের বইটি ২০২৭ সালের ১২ জানুয়ারি পেঙ্গুইন প্রেস থেকে প্রকাশিত হবে। এটি মূলত একটি মোটিভেশনাল বা আত্ম-উন্নয়নমূলক গাইড বই।

প্রকাশনা সংস্থা পেঙ্গুইন প্রেস বইটিকে জীবনের গভীরতর উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে একটি গতিশীল প্রক্রিয়া গড়ে তোলার ক্ষেত্রে অকপট ও ব্যবহারিক শিক্ষার সংকলন হিসেবে অভিহিত করেছে।

শোয়ার্জনেগারের মতে তার ‘বি ইউজফুল: সেভেন টুলস ফর লাইফ' বইটি যদি জীবনদর্শনের টেক্সটবুক হয়ে থাকে, তবে এই নতুন বইটি হলো একটি 'ওয়ার্কবুক' বা অ্যাকশন প্ল্যান। এতে জীবনের ধারাবাহিক উন্নতি, মানসিক বিকাশ এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য বাস্তবমুখী পরামর্শ দেওয়া হয়েছে।

বডি বিল্ডার, অভিনেতা এবং রাজনীতিবিদ হিসেবে নিজের জীবনের নানা অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি পুরো বইটিকে ১২টি প্রয়োজনীয় ব্লকে বা ধাপে সাজিয়েছেন। ২৮৮ পৃষ্ঠার এই বইটি আমাজন ইউকে সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অগ্রিম বুকিং বা প্রি-অর্ডার করা যাবে।

৭৯ বছর বয়সী শোয়ার্জনেগারবডি বিল্ডার থেকে হলিউডের জনপ্রিয় অভিনেতা হয়েছেন। এমনকি রাজনীতিতেও তিনি সফল ছিলেন। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর ছিলেন।

উল্লেখ্য, আর্নল্ড শোয়ার্জনেগার বিশ্বের অন্যতম কিংবদন্তি বডি বিল্ডার। তিনি ৭ বার মিস্টার অলিম্পিয়া খেতাব জয় করেন। ১৯৮২ সালে 'কোনান দ্য বারবারিয়ান' চলচ্চিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। ১৯৮০ এবং ৯০ এর দশকে 'দ্য টার্মিনেটর', 'প্রিডেটর', 'টোটাল রিকল', 'ট্রু লাইস' এর মত ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে তিনি বিশ্বের সবচেয়ে খ্যাতিমান অভিনেতাদের কাতারে চলে আসেন। ২০১২ সালে তিনি ‘টোটাল রিকল: মাই আনবিলিভেবলি ট্রু লাইফ স্টোরি’ নামের একটি আত্মজীবনী প্রকাশ করেন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login