Poetry

চিঠি দিয়ো আমায়

September 28, 2026

7 views

চিঠি দিয়ো আমায়,
খুব বেশি কিছু লিখতে হবে না।
শুধু লিখো, আজ সন্ধ্যায়
আমার কথা তোমার মনে পড়েছিল।
আমি সেই একটুকু বাক্য নিয়েই
সারারাত জানালার পাশে বসে থাকব।
লিখো, আজ শহরটা খুব নির্জন ছিল,
মানুষ ছিল, গাড়ি ছিল, আলো ছিল।
শুধু কোথাও তুমি ছিলে না।
আর হঠাৎ কোনো এক ব্যস্ত মোড়ে
আমার মতো কাউকে দেখে
তুমি একবার পেছন ফিরে তাকিয়েছিলে।
জানো, তোমার সঙ্গে আমার অসংখ্য কথা জমে আছে!
কতদিন তোমার সাথে দেখা হয়নি!
তবু মনে হয়,
প্রতিদিনই তোমার সঙ্গে কথা বলি,
ঘুমের আগে, ভোরের আগে,
এমনকি অন্য কারও পাশে বসেও
অকারণে তোমার কথাই ভাবি।
চিঠি দিয়ো আমায়,
যদি কোনো বৃষ্টির রাতে
তোমার জানালার কাঁচে বৃষ্টির পানি ছবি আঁকে,
আর মনে পড়ে,
এই বৃষ্টিতে একদিন
আমরা দু'জন পাশাপাশি হেঁটেছিলাম।
হয়তো তুমি ছাতা ধরেছিলে,
হয়তো আমি ইচ্ছে করেই
একটু ভিজেছিলাম আমার কাঁধের কাছে।
কখনো লিখো না, তুমি আমাকে ভালোবাসো।
সে কথাটি এখন আর চাই না।
শুধু লিখো,
কোনো কোনো রাতে
বালিশে মাথা রাখার পর
তোমারও মনে হয়,
কেউ একজন থাকলে ভালো হতো
যে তোমার চুপ করে থাকাটুকুও বুঝত।
আর যদি কোনোদিন
আমাকে ভুলে যেতে ইচ্ছে করে,
তখনো একটি শেষ চিঠি দিয়ো।
শুধু এটুকু লিখো,
তোমাকে ভুলে গেছি।

Picked up where you left off

Comments

robin ahmed was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • robin ahmed 2 hours ago First reader

    আকুল ভালোবাসায় আক্ষেপের বেদনাই প্রাপ্তি ঘটে। অসীম ভালোবাসার শেসে অপ্রাপ্তিকেও মেনে নেয়া যায়, যদি অন্যজন অন্তত এটুকু বলে যে, তোমাকে ভুলে গেছি। এই প্রবোধের সুযোগইবা কজন পায়! দারুণ লিখেছেন।