ফিরে আসা মানুষেরা আর পদ্য পড়তে চায়না।
তারা একা একা আকাশ দেখেন, আকাশের মেঘ
দেখে মাঝে মাঝে তারা আনমনে মুচকি হাসেন।
অথচ সন্ধ্যার আজানের ধ্বনি শুনলে বাড়ি ফেরার
তাড়ায় ভোগেন। মাঝে মাঝে উদাস ভঙ্গীতে হাঁটতে
বেরিয়ে পুরোনো চেনা লোকদের দেখে ভ্রূ কুঁচকে
দেখেন। খুব গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে কড়িকাঠের
দিকে পলকহীন চেয়ে থাকেন। জীবনটা বড়ো গদ্যময়!
মাঝে মাঝে পুরনো গান শুনে কান্না করতে গিয়েও
লজ্জায় থেমে যান তারা। তারা কান পাতলে গোলাগুলির
শব্দ শোনেন। তারা মাঝে মাঝে হাতঘড়িতে সময়
দেখেন আর কোথাও চলে যাবার তাড়া বোধ করেন।
তাদের কাছে সব একপেশে লাগে, কোথাও ছন্দ নাই।
একদিন তারা মনে মনে ঠিক করে ফেলেন, আবার
ফিরে যাবেন তারা। অথচ গন্তব্য হারিয়ে ফেলেছেন
তারা সকলেই। কাকডাকা ভোরে বাড়ি হতে বেরিয়ে
রাস্তায় গিয়ে পথ খোঁজেন। পথ হারানো মানুষের মতো
উদ্ভ্রান্ত চলাচলে মন ভরে না, আবার ঘরে ফিরে আসেন।
ফিরে আসা মানুষেরা আর পদ্য পড়তে চায়না।
তারা একা একা আকাশ দেখেন, আকাশের মেঘ
দেখে মাঝে মাঝে তারা আনমনে মেঘের সাথে ভাসেন।
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
এটা কি গুম হয়ে ফিরে আসা মানুষের গল্প? যাদের ফিরে এসে সমাজের মূল স্রোতে মানিয়ে নিতে কষ্ট হয়।