Story

নীরবতার সাম্রাজ্য ও এক নির্বাসিত নাগরিক

September 30, 2026

3 views

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ইতি টানলাম। এটি পরাজয় স্বীকার করে নেওয়া এক অধ্যায়, যার শেষ উক্তিগুলো আজ সবার সামনে রেখে গেলাম। অন্তত এই বিষয়ে আর কোনোদিন সোশাল মিডিয়ায় কিছু প্রকাশ পাবে না।

​তুমি ক্ষমতার আসনে জোর করে বসতেই প্রেম তার মূল গণতন্ত্র হারাল। আর যাদের ইশারায় এই ভাঙন ঘটলো, তারা আজ সাধু-সন্ন্যাসী হয়ে রইলো। তোমার চোখে আর কোনো সমানাধিকারী হৃদয় ছিল না; ছিল কেবল এক সাম্রাজ্য, যার একমাত্র একচ্ছত্র শাসক তুমি। আর আমি? সেই রাজ্যের এক নির্বাসিত নাগরিক—হাতে কোনো অস্ত্র বা তরবারি না নিয়েও তোমার নীরবতার বিরুদ্ধে প্রতিদিন নিঃশব্দে সভা ডেকে চলেছিলাম।💭

​আমার ভালোবাসা, আমার গভীর যন্ত্রণা—কোনোটাই হয়তো তোমার মন ছুঁতে পারেনি। তোমার জন্য যা করেছি, তা শত-পুরুষ একত্রিত হয়েও শুধতে পারবে না; সে সম্মান, ভালোবাসা, অর্থ, কিংবা শ্রমের হিসাব কোনো দেনা-পাওনায় মেলে না। এমনকি রক্তের বাঁধনে থাকা স্বজনরাও তা পারবে না।

​আসলে ক্ষমতা মানুষের অন্তর ও কান দুটোই বধির করে দেয়। আর ভালোবাসা হলো এমন এক প্রজা, যার কোনো রক্ষী বা সেনাবাহিনী থাকে না। তবু সে বিদ্রোহ করে গেছে—রক্ত দিয়ে নয়, অবিরত অপেক্ষা দিয়ে (আশায় ছিল যদি কখনো সংশোধন হয়); কোনো অস্ত্র দিয়ে নয়, বরং গভীর বিনয় দিয়ে। কিন্তু আফসোস, আজকাল এগুলো কেবল উপকথাই মনে হয়।

​হয়তো প্রেমের প্রাচীনতম পরাজয় এখানেই—যে হৃদয়কে আমরা নিজের সমান ভেবেছিলাম, তাকে বুকের সিংহাসনে বসিয়ে নিজেকে এক নিঃস্ব ভিখারি বানিয়ে ফেলেছি। মানুষ কীভাবে মানুষের অনুভূতির এমন নির্মম লুটপাট চালাতে পারে? তুমি শাসন করেছ শীতল নীরবতায়, আক্রমণ চালিয়েছ সুদূরপ্রসারী পরিকল্পনায়; আর আমি তার বিরোধিতা করেছিলাম কেবল ভালোবাসায়, ক্ষমায়, যত্নে, নম্রতায় ও নীরবতায়।

​আশ্চর্য লাগে! এতকাল পার হয়ে গেলেও আমার ভালোবাসার কোনো বিপ্লব তোমার মনের রাজ্য জয় করতে পারল না। আমি তো কেবল চেয়েছিলাম, তোমার সাম্রাজ্যে একবার অন্তত একটি সাধারণ নাগরিক হিসেবে আমার নামটির স্বীকৃতি পাই। কিন্তু তুমি নীরব রইলে, আর প্রতিদান দিলে অপমানের সর্বোচ্চ শৃঙ্গ 'মাউন্ট এভারেস্ট' চেপে দিয়ে! তুমি হয়তো ভেবেছিলে, এত কিছু আমি নীরবে সহ্য করে নেব? কিন্তু ভুলে যেয়ো না—আমিও রক্তে-মাংসেই গড়া এক মানুষ, কোনো অনুভূতিহীন রোবট নই। কষ্ট ও যন্ত্রণা আমারও হয়। সময় মানুষকে তার কৃতকর্মের জন্য এই দুনিয়ার কাঠগড়াতেই দাঁড় করায়; আর জমাট বাঁধা দীর্ঘশ্বাস ঠিকই আরশ পর্যন্ত পৌঁছায়। ☝️

​পরিশেষে এসে বুঝলাম—কিছু রাজ্যে কখনো বিপ্লব সফল হয় না। কারণ সেখানে শাসক কোনো সাধারণ মানুষ নয়; শাসক হয়ে ওঠে একটি মানুষের অহংকার আর তার নির্মম নীরবতার দীর্ঘশ্বাস। যেখানে আত্মসম্মান বজায় থাকে না, সেখানে বিদায় নেওয়াই শ্রেয়।

​আমি ক্ষমা করে দিলাম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • যেখানে ভালোবাসা পরিণত হয় একচ্ছত্র শাসনে, সেখানে হৃদয়ের বিপ্লবও হার মেনে নেয়। প্রেমের শেষ অধ্যায়ে এসে এক নির্বাসিত নাগরিকের নিঃশব্দ বিদায়লেখ