Poetry

আমারে সাথে নিবা তুমি

September 30, 2026

20 views

আমারে সাথে নিবা, তুমি?
বাউন্ডুলে যুবক মুচকি হাসে।
আমার চালচুলো নেই,
কেমনে রাখিব তোমায় পাশে।
আশ্চর্য প্রেম তোমার, আমায় দূরে রেখে
তুমি ভালো থাকবে?
তোমায় না দেখা অব্দি খারাপ ছিলাম,
এখন তোমায় পেয়ে যেন আরো জ্বলছি দিনরাত।
আমারে সাথে নিবা তুমি
সে আবার হাসে।
তুমি জানো না, পথ কত দীর্ঘ,
কত রাতের কোনো ঠিকানা থাকে না,
কত ভোর আসে
শুধু ক্লান্ত চোখে একটু ঘুম নামাতে।
আমার সঙ্গে গেলে
তোমার অভিমান রাখবার মতো
একখণ্ড নিশ্চিন্ত ঘরও দিতে পারব না।
আমারে সাথে নিবা তুমি?
ঘর কি শুধু চারটে দেয়ালের নাম?
তুমি যেখানে থাকবে, সেটিই হবে আমাদের পৃথিবী।
তোমার কাঁধে মাথা রাখার মতো সময় থাকুক কেবল।
আমারে সাথে নিবা তুমি?
বাউন্ডুলে যুবক এবার আর হাসে না।
আমার চোখের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ।
যেন এতদিন কেউ তাকে
এমন করে ডাকেনি কোথাও, এমন করে বলেনি।
আমি আবার বলি,
আমারে সাথে নিবা তুমি?
তোমার সমস্ত অনিশ্চয়তার মধ্যে
আমার জন্য একটুখানি জায়গা থাকুক।
সবদিক অন্ধকার হয়ে গেলে আমার হাতটা ধরো।
আমারে সাথে নিবা তুমি?
বাউন্ডুলে যুবক এবার আর হাসে না।
বরং ধীরে ধীরে আমার হাতটা নিজের হাতের মধ্যে নেয়।
তার চোখে পথের ভয় নেই,
কোনো ভবিষ্যতের হিসাব নেই।
নির্লিপ্ত দৃষ্টির পাশে এক গভীর, অসহায় ভালোবাসার প্রতিচ্ছায়া।
শুধু বললো, চলো।
বহু শতাব্দী আগে থেকেই তুমি
আমার সমস্ত পথের সঙ্গী হয়ে গেছ।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login