কেউ কেউ প্রতিদিন এক অদৃশ্য দেয়ালে মাথা ঠোকে।
কেউ জানে না, সে কী থেকে পালাতে চায়।
দেয়ালটি দেখা যায় না,
তবু তার কপালে প্রতিদিন একটু করে ভোর ফেটে রক্ত নামে।
মানুষ ভাবে হয়ত এটি পাগলামি।
কেউ কাছে গিয়ে জিজ্ঞেসও করে না, কী হয়েছে?
কারণ কিছু যন্ত্রণাদৃশ্য প্রশ্নের ভাষা ভুলিয়ে দেয়।
সে শুধু জানে, দেয়ালের ওপারে কিছু একটা আছে।
হয়তো মুক্তি, হয়তো শৈশব, হয়তো এমন একটি জীবন
যেখানে তাকে প্রতিদিন নিজের কাছে অপরাধী হতে হবে না।
তাই আবার মাথা তোলে,
আবার আঘাত করে,
আবার মাথা তোলে।
এদিকে অদৃশ্য দেয়ালটি নীরবে তার সমস্ত চিৎকার নিজের ভেতর রেখে দেয়।