একদিন পার্কের বেঞ্চিতে আনমনা বসে
থাকার সময়, আমি জানি, একজন উসকো
খুসকো চুল, আধময়লা শার্ট গায়ে চড়িয়ে
আমার পাশে এসে আনমনে বসবে। একটা
উদাস চোখ মুখ করে আমাকে বলবে, গরম
পড়েছে খুব আজ, আমি তার দিকে তাকাবো কেবল।
সে তখন বলবে, বৃষ্টি নামিয়ে দিই?
অমনি বৃষ্টি এসে ভিজিয়ে দেবে চারপাশ;
শুধু আমরা দুজন আর বেঞ্চিটা ভিজবে না।
আমি জানি, মোটেই অবাক না হয়ে আমি সিগ্রেট
ধরাবো। সে তখন বলবে, সিগ্রেটে খুব ক্ষতি!
এবার আমি মুচকি হেসে বলব, আজই যেতে হবে?
তুমি আমায় চিনতে পেরেছ। জিজ্ঞেস করবে সে।
নির্বোধের দৃষ্টি দিয়ে আমি বলব, তুমি হাওয়ায়
ভেসে এসেছিলে পূর্ব দিক হতে। অমনি চিনে
নিয়েছি। আমায় নিতে এসেছ?
সত্যি যাবে তো, কেমন মায়া কণ্ঠে সে বলবে।
যাবো না বললে কি রেখে যাবে?
সে ক্ষমতাতো তোমার নাই।
মাথা নিচু করে বিড়বিড় করে বলবে,
আসলে আমার কোন স্বাধীনতা বা ইচ্ছে ক্ষমতা নেই।
আমারও নাই। একথা বলতেই দুজনে হেসে গড়িয়ে পড়বো।
আমি জানি, খুব শীঘ্রই সেদিনটা আসবে।
তাই ইদানীং আমি পার্কে হাঁটতে যাইনা।
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)
Comments
Be this story’s first reader
+30 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.