যেখানে যাই, বাতাস আমাকে পথ ভুলিয়ে দেয়।
আমাকে কি সত্যিই কেউ ডেকেছিল নদীর ওপারে?
নাকি আমিই এক চিলতে রোদ ভেবে
ঝরাপাতার ওপর বসে অপেক্ষায় ছিলাম?
যারা সাথী ছিল, তারা ছায়াটুকুও রেখে গেলে না পাশে,
যে কাঠ কুড়িয়েছিলাম শীতে, তা হয়ত এখন অন্য কারও আঁচে জ্বলছে কেবল।
আমি সেই পোড়া গন্ধ নাকে মেখে হেঁটে যাই,
আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই।
আমার আছে কেবল একজোড়া পা আর একজোড়া চোখ।
হয়তো কোনো একদিন দেখা হবে হঠাৎ মোড়ে,
বলবে, ভালো আছিস, বোরহান?
আমি তখন হাসব, কিংবা মাতাল হয়ে জড়িয়ে ধরব গাছ,
বলব, দেখ, মরেও আমি সবুজ রয়ে গেলাম।
পথ আমাকে টানে, আর রাত্রি আমাকে গিলে ফেলে।
আমি তো পথেরই লোক, গন্তব্যের আশায় ঠিকানা পেলাম নারে।