তেরোটা অপ্রকাশিত প্রেমের যন্ত্রণা বুকে নিয়ে
বৈরাগ্যের পথ ধরে অর্ধযুগ হেঁটেও দেখি
খুব বেশি দূর যাওয়া হয়নি
আজো পেছনে তাকালেই -- পিতামহের কবর
ঝিম ধরা জুমা'র দুপুরে মুয়াজ্জিনের চিড় ধরানো দুরুদে
কিংবা মধ্যরাতে দূর গ্রাম থেকে ভেসে আসা
মাহফিলের অস্পষ্ট করুণ সুরে স্মৃতির উঠোনে
জেগে থাকে পিতামহীর না থাকা সংসার
পরিত্যাক্ত ভিটের জংলায় তার না থাকা বাড়ি
আর ফসল তোলা হেমন্ত মাঠের শূন্যতা
বুকের ভেতর পরিযায়ী হাওয়ার প্রস্থানকাল দীর্ঘ হলেই
নাভীমূলে জ্বলে ওঠে মায়াবী অনল
পুড়তে পুড়তে মনে হয়,
ঘূর্ণায়মান জীবনে বিক্ষুব্ধ হৃদয়ের বিপরীতে
মানুষ মূলত স্থিরতা চায়, একটু আশ্রয় চায়
.
২০২৪
বিক্ষুব্ধ হৃদয়ের বিপরীতে