আরশিতে এসে সকল রেখা মিলে গেছে
স্পর্শের বৃত্তে। জ্যামিতির সূত্র লজ্জায়
মুখ ফিরিয়ে রেখেছে। অনিকেত ভালবাসা
এখন গৃহী হবার অপেক্ষায় বসে থাকে
নদীর পাড়ে। এ বর্ষায় আরো পলি জমুক।
নদীর বুকে নতুন চরে অলৌকিক এক ঘরে
প্রতিবিম্বের মায়ায় স্পর্শের সংসার হবে
আরশির সাথে। অপরিগ্রহের ব্রতকে
উপেক্ষা করে সন্ন্যাসীও অদেখা স্পর্শের
অপেক্ষায় চোখ বেঁধে রেখেছে আরশিতে।